দিল্লির স্কুলে বোমাতঙ্ক! ইমেলে ভয়ানক বার্তা— “দিল্লি এবার খালিস্তান হবে”, কাঁপছে রাজধানী!

সপ্তাহের প্রথম দিনেই বড়সড় নাশকতার ছক রাজধানী দিল্লিতে! সোমবার, ৯ ফেব্রুয়ারি সকালে দিল্লির অন্তত ৯টি নামী স্কুলে ইমেল মারফত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি স্কুল খালি করে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। পুলিশ ও বম্ব স্কোয়াড সূত্রে খবর, ইমেলের বয়ান ছিল অত্যন্ত উসকানিমূলক এবং উদ্বেগজনক।

দমকল বাহিনী জানিয়েছে, সকাল সাড়ে আটটা নাগাদ প্রথম ফোনটি আসে। এরপর একে একে লরেটো কনভেন্ট (দিল্লি ক্যান্টনমেন্ট), কেমব্রিজ স্কুল (দক্ষিণ দিল্লি), ভেঙ্কটেশ্বর স্কুল (উত্তর-পশ্চিম দিল্লি), সিএম স্কুল (রোহিণী), বাল ভারতী (রোহিণী) এবং দ্য ইন্ডিয়ান স্কুলের মতো বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই উড়ো ইমেল পৌঁছায়। ইমেলে সরাসরি উসকানি দিয়ে লেখা হয়েছে, “দিল্লি এবার খালিস্তান হয়ে যাবে, পঞ্জাব হবে খালিস্তান।” এমনকি এই বার্তায় কুখ্যাত জঙ্গি আফজল গুরুর নামও উল্লেখ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আতঙ্ক কেবল স্কুল চত্বরেই সীমাবদ্ধ নেই; ইমেলে সরাসরি দেশের সংসদ ভবনেও হামলার হুমকি দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ১১ মিনিটে সংসদে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হবে। এই হুঁশিয়ারি পাওয়ার পরই দিল্লির নিরাপত্তা বলয় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সংসদ ভবন সংলগ্ন এলাকাতেও বাড়তি নজরদারি শুরু করেছে গোয়েন্দা বিভাগ।

আজ সকালে এই খবর ছড়িয়ে পড়তেই স্কুলগুলির সামনে ভিড় জমান আতঙ্কিত অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ দ্রুত পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল স্কোয়াড প্রতিটি ক্লাসরুম ও কোণ তল্লাশি করছে। তবে দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। প্রাথমিক তদন্তে এটি কোনও বড়সড় সাইবার ষড়যন্ত্র কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশের বিশেষ সেল।