২ লক্ষ কোটির গণ্ডি পার! দেশের জিএসটি সংগ্রহে ফের রেকর্ড বৃদ্ধি, দারুণ স্বস্তিতে অর্থনীতি

চলতি অর্থবর্ষের দ্বিতীয় অর্ধে পা রাখতেই দেশের কর সংগ্রহে ফের জোয়ার। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতের মোট পণ্য ও পরিষেবা কর (GST) সংগ্রহ গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২.০৪ লক্ষ কোটি টাকায়। গত বছর অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এই সংগ্রহের পরিমাণ ছিল ১.৭৭ লক্ষ কোটি টাকা। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষে এই নিয়ে মোট তিনবার মাসিক জিএসটি সংগ্রহ ২ লক্ষ কোটির মাইলফলক অতিক্রম করল। এর আগে গত জুলাই মাসে ২.১১ লক্ষ কোটি টাকা এবং এপ্রিলে সর্বকালীন রেকর্ড ২.৪৩ লক্ষ কোটি টাকা সংগ্রহ হয়েছিল।
অর্থ মন্ত্রকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সেপ্টেম্বরের সামগ্রিক রাজস্ব বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমদানির উপর সংগৃহীত জিএসটি। গত মাসে দেশীয় জিএসটি রাজস্ব ১০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৩৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছর একই সময়ে ছিল ১.২৫ লক্ষ কোটি টাকা। অন্যদিকে, আমদানি থেকে জিএসটি সংগ্রহ প্রায় ২৬ শতাংশ লাফিয়ে বেড়ে হয়েছে ৬৫,৫২৫ কোটি টাকা, যা আগের বছর ছিল ৫২,০৩১ কোটি টাকা। অর্থাৎ, সেপ্টেম্বরের মোট জিএসটি সংগ্রহ বৃদ্ধির ২৬,১৫৬ কোটির মধ্যে অর্ধেকেরও বেশি এসেছে বিদেশ থেকে পণ্য আমদানির উপর ধার্য করা কর থেকে। বিশেষজ্ঞদের মতে, ইলেকট্রনিক্স, সোনা, যন্ত্রপাতি ও সারের মতো বিভিন্ন পণ্যের আমদানি বৃদ্ধি, টাকার পতনের জেরে পণ্যের চড়া দাম এবং আমদানির ধারাবাহিকতাই এই বৃদ্ধিতে মুখ্য অনুঘটক হিসেবে কাজ করেছে।
রাজস্বের এই গ্রাফ চড়ার পাশাপাশি রিফান্ডের চিত্রেও বড় পরিবর্তন এসেছে। সেপ্টেম্বরে মোট জিএসটি রিফান্ড ৩ শতাংশ কমে ২৭,০০১ কোটি টাকায় নেমেছে। এর মধ্যে দেশীয় রিফান্ড ১৩.৫ শতাংশ হ্রাস পেলেও রপ্তানি সংক্রান্ত রিফান্ড ১০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সমস্ত রিফান্ড বাদ দেওয়ার পর নিট জিএসটি রাজস্ব ১৮.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৭৭ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। রাজ্যভিত্তিক পরিসংখ্যানেও ইতিবাচক চিত্র ধরা পড়েছে; মহারাষ্ট্রে ১৫ শতাংশ বেড়ে ২৯,৯৮৬ কোটি, কর্ণাটকে ১৬ শতাংশ বেড়ে ১৩,৮৮৪ কোটি, গুজরাতে ১৭ শতাংশ বেড়ে ১২,২২২ কোটি এবং উত্তরপ্রদেশে ১৮ শতাংশ বেড়ে ৮,৮৮২ কোটি টাকা জিএসটি সংগৃহীত হয়েছে। পশ্চিমবঙ্গে এই বৃদ্ধির হার ৬ শতাংশ, যার মাধ্যমে মোট ৫,৫৪৯ কোটি টাকা সংগ্রহ হয়েছে।