উজ্জ্বলা উপভোক্তাদের জন্য বিরাট উপহার! সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি বাড়ানোর বড় ঘোষণা কেন্দ্রের

দেশের কোটি কোটি গৃহিণীদের জন্য এক বিরাট স্বস্তির খবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) সুবিধাভোগীদের জন্য সুখবর শুনিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে, ২০২৬-২৭ অর্থবর্ষেও ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারে ৩০০ টাকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে দেশের লাখ লাখ দরিদ্র পরিবার কম খরচে গ্যাস সিলিন্ডারে রান্নার সুযোগ অব্যাহত রাখতে পারবে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার এই নতুন অনুমোদন অনুযায়ী, প্রতি ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের ওপর নির্দিষ্ট ৩৫০ টাকার বদলে ৩০০ টাকার ভর্তুকি সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। পাশাপাশি, যাঁরা ৫ কেজির ছোট সিলিন্ডারের ব্যবহার করেন, তাঁদের জন্যও আনুপাতিক হারে ভর্তুকি দেওয়ার নিয়ম রাখা হয়েছে। সরকারের এই জনকল্যাণমূলক পদক্ষেপে বিশাল অঙ্কের আর্থিক বোঝা কমবে সাধারণ মানুষের। সংশ্লিষ্ট মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকার মোট ১২,০০১ কোটি টাকা বরাদ্দ করেছে। সরকারের মূল লক্ষ্য হল দেশের প্রতিটি প্রান্তের গরিব মানুষের রান্নাঘরে সবচেয়ে কম মূল্যে পরিচ্ছন্ন জ্বালানি পৌঁছে দেওয়া।
উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের নারীদের ধোঁয়া-মুক্ত পরিবেশ দিতে এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই মহাফায়দা জনক ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ (PMUY) চালু করেছিলেন। এই প্রকল্পের আওতায় মহিলাদের কোনো রকম সিকিউরিটি ডিপোজিট ছাড়াই বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সারা দেশ জুড়ে প্রায় ১০.৫৭ কোটিরও বেশি উজ্জ্বলা সংযোগ দেওয়া হয়েছে এবং দিন দিন এই প্রকল্পের পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে। ২০২৬-২৭ সালেও এই ৩০০ টাকার ভর্তুকি বহাল রাখার সিদ্ধান্ত দেশের মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলোর হেঁশেলে যে বড় স্বস্তি এনে দেবে, তা বলাই বাহুল্য।