প্রেমের সপ্তাহ শুরু হতেই যেখানে চারদিকে খুশির হাওয়া, সেখানেই এক বিষাদময় ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু। গত শনিবার ছিল ‘রোজ ডে’। দীর্ঘ তিন বছরের প্রেমিকা গোলাপ গ্রহণ করার বদলে ফিরিয়ে দিলেন সম্পর্ককে। জানিয়ে দিলেন, তাঁর অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেছে, এমনকি বাগদানও (Engagement) সম্পন্ন। এই শোক সইতে না পেরে আত্মঘাতী হলেন ২৬ বছর বয়সী জিম ট্রেনার ও বডি বিল্ডার কিরণ।
কী ঘটেছিল সেই অভিশপ্ত দিনে? পুলিশ সূত্রে খবর, কিরণ গত শনিবার তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে। কিন্তু প্রেমিকা সাফ জানিয়ে দেন, “সামনেই আমার বিয়ে।” এরপরই মন ভেঙে চুরমার হয়ে যায় ওই যুবকের। মহালক্ষ্মী লেআউটের বাড়িতে ফিরে নিজেকে ঘরবন্দি করে নেন তিনি। পরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও, যেখানে নিজের কষ্টের কথা লিখে গিয়েছেন কিরণ।
ধর্ষণকাণ্ডে অভিযুক্তের রহস্যমৃত্যু: অন্যদিকে, বেঙ্গালুরুতেই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কিন্তু আত্মহত্যার আগে ওই যুবক পরিবারকে মেসেজ করে জানান, তিনি নির্দোষ এবং তাঁকে ফাঁসানো হচ্ছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার তোড়জোড় শুরু করেছে।