খিচুড়ির থালায় মরণফাঁদ! মিড ডে মিল খেতেই রক্তচাপুনি ও বমি, হাসপাতালে ৭০ স্কুল পড়ুয়া

শনিবার দুপুরের মিড ডে মিল যেন অভিশাপ হয়ে নেমে এল বিহারের মাধেপুরা সদর ব্লকের সাহুগড় কারু তোলা স্কুলে। স্কুলে সহপাঠীদের সঙ্গে হাসিঠাট্টা করে খিচুড়ি খাওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে শতাধিক পড়ুয়া। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে দাঁড়ায় যে, তড়িঘড়ি ৭০ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ঘটনার বিবরণ: শনিবার স্কুলে মিড ডে মিল খাওয়ার পরেই খুদে পড়ুয়ারা ঘনঘন বমি, অসহ্য পেটে ব্যথা এবং মাথা ঘোরানোর মতো উপসর্গ অনুভব করতে শুরু করে। মুহূর্তের মধ্যে স্কুল চত্বরে হুলস্থুল পড়ে যায়। অ্যাম্বুল্যান্স ও ব্যক্তিগত গাড়িতে করে অসুস্থ শিশুদের মাধেপুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ৭০ জন চিকিৎসাধীন থাকলেও এক ছাত্রীর অবস্থা বেশ আশঙ্কাজনক। তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তদন্তে বিস্ফোরক তথ্য: প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দিন মিড ডে মিলের খিচুড়িতে একটি মৃত টিকটিকি পড়ে ছিল। একটি এনজিও-র পক্ষ থেকে এই খাবার সরবরাহ করা হয়েছিল। এই ঘটনার জানাজানি হতেই হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। জেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার জানিয়েছেন, খাবারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিষক্রিয়া প্রমাণিত হলে ওই এনজিও এবং দোষী স্কুল কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।