লাল-সাদা সাবেকিয়ানা আর পুরনো কলকাতার আমেজ, ভালোবাসার দিনেই সাত পাকে বাঁধা পড়ছেন রণজয়-শ্যামৌপ্তি!

বিয়ের আর মাত্র ৯ দিন বাকি। ঠিক এমন সময়েই অসুস্থ হয়ে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। তিন বেলা ভাত আর কড়া অ্যান্টিবায়োটিক খেয়ে দ্রুত সুস্থ হওয়ার লড়াই চালাচ্ছেন তিনি। তবে অসুস্থতা তাঁর উদ্দীপনায় ভাটা ফেলতে পারেনি। আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিনই শ্যামৌপ্তি মুদলির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।

রণজয় জানিয়েছেন, তাঁদের বিয়েতে থাকবে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। ৭০-৮০ দশকের থিমে সাজানো হবে মণ্ডপ, যেখানে মাটির পেঁচা ও হাতপাখার মতো সাবেকি উপকরণ থাকবে। আধুনিক প্রজন্মের জন্য থাকছে বিশেষ ‘সেলফি জোন’, তবে সেখানেও চমক! পুরনো কলকাতার রাস্তার নিয়ন আলো, খড়খড়ি দেওয়া জানলা আর পুরনো বেঞ্চ দিয়ে তৈরি করা হচ্ছে একটি বিশেষ সেট। বিয়ের মেনু থেকে পোশাক— সবেতেই থাকছে আভিজাত্য। রণজয় পরবেন ধুতি-পাঞ্জাবি আর শ্যামৌপ্তি সাজবেন লাল শাড়িতে। রণজয়ের কথায়, শ্যামৌপ্তি তাঁর ‘কমফোর্ট জোন’, আর সেই আরামের টানেই চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy