আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমার। কিন্তু তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে প্রশাসনিক জট এখন আদালত অবমাননার পর্যায়ে পৌঁছে গেল। বুধবার কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল বা ‘ক্যাট’ (CAT)-এর নির্দেশ অমান্য করার অভিযোগে ইউপিএসসি (UPSC)-র বিরুদ্ধে মামলা ঠুকলেন আইপিএস অফিসার রাজেশ কুমার। এর ফলে রাজীব কুমারের অবসরের মাত্র তিন দিন আগে বাংলার নতুন ডিজি নিয়োগ নিয়ে নজিরবিহীন জটিলতা তৈরি হয়েছে।
টাইমলাইন ও আইনি লড়াই ক্যাটের নির্দেশ ছিল, রাজ্য সরকারের পাঠানো নামের তালিকা থেকে তিনজনের চূড়ান্ত প্যানেল তৈরি করে ২৯ জানুয়ারির মধ্যে নবান্নে পাঠাতে হবে ইউপিএসসি-কে। কিন্তু সেই প্রক্রিয়া শেষ করার বদলে ইউপিএসসি উল্টে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। এই পদক্ষেপকেই আদালত অবমাননা হিসেবে দেখছেন রাজেশ কুমার। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রাজ্য সরকার আটজন আইপিএস অফিসারের নামের তালিকা পাঠিয়েছিল দিল্লিতে। ২৮ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-র এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা নিয়ে টালবাহানা শুরু হয়েছে।
কেন এই সংঘাত? এই আইনি লড়াইয়ের মূলে রয়েছে তিন সিনিয়র আইপিএস অফিসার—রাজীব কুমার, রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম বাদ পড়ার বিতর্ক। ইউপিএসসি দাবি করেছিল, এই অফিসারদের চাকরির মেয়াদ কম। তবে আইপিএস রাজেশ কুমারের পাল্টা দাবি, প্রাক্তন ডিজি মনোজ মালব্য যখন অবসর নেন, তখন তাঁদের চাকরির পর্যাপ্ত মেয়াদ ছিল। নিয়ম অনুযায়ী, ক্যাটের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ইউপিএসসি নাম না পাঠালে ৩১ জানুয়ারির পর রাজ্য পুলিশের শীর্ষ পদটি শূন্য থাকার উপক্রম হতে পারে। এখন সব নজর দিল্লি হাইকোর্ট ও ক্যাটের পরবর্তী পদক্ষেপের দিকে।





