বদ্রী-কেদার দর্শনে বড় বদল! মন্দিরে ঢোকার আগেই জমা দিতে হবে ফোন, পুণ্যার্থীদের জন্য নয়া প্রোটোকল!

কেদারনাথ, বদ্রীনাথ কিংবা উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যাত্রার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আগামী মরশুম থেকে মন্দির দর্শনের নিয়মে আমূল পরিবর্তন আনল উত্তরাখণ্ড সরকার। এখন থেকে গর্ভগৃহ তো বটেই, মন্দিরের মূল কাঠামোর ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গাড়োয়াল কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

মোবাইল পকেটে থাকলেও বিপদ! আগে মন্দিরের ভেতর ছবি তোলা নিষিদ্ধ থাকলেও মোবাইল পকেটে করে নিয়ে ঢোকায় কোনো বাধা ছিল না। কিন্তু দেখা যাচ্ছিল, অনেকেই লুকিয়ে ভিডিও বা ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এই প্রবণতা বন্ধ করতেই এবার আরও কড়া প্রশাসন। এবার থেকে মন্দিরে প্রবেশের আগেই মোবাইল এবং ক্যামেরা জমা দিতে হবে। মন্দির প্রাঙ্গণে ফোন বা ক্যামেরা জমা রাখার জন্য আলাদা সুরক্ষাব্যবস্থা বা ‘লকার’ কনফার্ম করার নির্দেশ দেওয়া হয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটিকে।

কোথায় ছবি তোলা যাবে? প্রশাসন স্পষ্ট জানিয়েছে, মন্দিরের একেবারে ভেতরে বা গর্ভগৃহে কোনোভাবেই ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। তবে পুজো দেওয়ার পর নির্দিষ্ট এলাকা থেকে মোবাইল সংগ্রহ করে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মন্দিরের পটভূমিতে ছবি তুলতে পুণ্যার্থীদের কোনো বাধা থাকবে না। মূল লক্ষ্য হলো মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ এবং গরিমা বজায় রাখা।

রেকর্ড ভিড়ের জেরেই এই সিদ্ধান্ত গত বছর প্রায় ৫০ লক্ষেরও বেশি পুণ্যার্থী গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ দর্শন করেছেন। এই বিশাল ভিড় সামলানো এবং নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই নতুন প্রটোকল চালু করা হয়েছে। ২০২৬ সালের চারধাম যাত্রা যাতে আরও মসৃণ ও সুশৃঙ্খল হয়, তার জন্যই উত্তরাখণ্ড সরকারের এই কড়া পদক্ষেপ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy