চলতি মরসুমে শীতের দাপুটে ব্যাটিংয়ে নাজেহাল হয়েছে বঙ্গবাসী। কলকাতা থেকে জেলা— সর্বত্রই উত্তুরে হাওয়ার দাপটে জবুথবু অবস্থা হয়েছে মানুষের। তবে এবার শীতপ্রেমীদের জন্য মন খারাপের খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যে জাঁকিয়ে শীতের স্পেল এবার শেষের পথে। আগামী সোমবার থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ শনিবার এবং আগামীকাল রবিবার পর্যন্ত শীতের আমেজ অটুট থাকবে। কিন্তু ১৯ জানুয়ারি, সোমবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। একধাক্কায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত কাশ্মীরে সক্রিয় হওয়া পশ্চিমি ঝঞ্ঝা এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হচ্ছে। ফলে কনকনে ঠান্ডার হাত থেকে রেহাই পেলেও বাড়বে অস্বস্তি।
তবে এখনই পুরোপুরি শীত বিদায় নিচ্ছে না। আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের রেশ থাকবে। বিশেষ করে সরস্বতী পুজো পর্যন্ত হালকা ঠান্ডা অনুভূত হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে, যদিও পাহাড়ে শীতের আমেজ আরও কিছুদিন দীর্ঘায়িত হবে। তাপমাত্রার হেরফেরের পাশাপাশি ঘন কুয়াশা নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। ভোরের দিকে দৃশ্যমানতা কম থাকায় গাড়ি চালকদের বাড়তি সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।





