অশান্ত বাংলাদেশ: সংবাদমাধ্যমের অফিসে আগুন, ভারতীয় দূতাবাসে হামলা! নতুন করে রক্তক্ষয়ী সংঘাত

সাধারণ নির্বাচনের মাত্র মাসখানেক আগে ফের একবার অগ্নিগর্ভ ওপার বাংলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা হাসিনা-বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার থেকে জ্বলছে ঢাকা-সহ বাংলাদেশের একাধিক শহর। বৃহস্পতিবার রাতে বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে সংবাদমাধ্যমের ওপর। রাজধানীর ‘প্রথম আলো’ এবং ‘ডেইলি স্টার’-এর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

সংবাদমাধ্যম অফিসে তাণ্ডব: প্রাণ বাঁচাতে ছাদে সাংবাদিকরা
বৃহস্পতিবার মধ্যরাতে শাহবাগ এলাকা থেকে একদল বিক্ষুব্ধ জনতা কারওয়ান বাজারে অবস্থিত ‘প্রথম আলো’ অফিসে হামলা চালায়। ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে সাংবাদিক ও কর্মীরা ছাদে আশ্রয় নেন। পরে দমকল বাহিনী ক্রেনের সাহায্যে তাঁদের উদ্ধার করে। একই সময়ে ‘ডেইলি স্টার’ অফিসও হামলাকারীদের কবলে পড়ে, যেখানে এক শীর্ষকর্তা শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন বলে খবর।

লক্ষ্য এবার ভারতীয় দূতাবাস?
অশান্তির আবহে ফের মাথাচাড়া দিচ্ছে ভারত-বিদ্বেষ। বৃহস্পতিবার রাতে একদল কট্টরপন্থী বিক্ষোভকারী বাংলাদেশের ভারতীয় সহকারী-হাইকমিশনারের বাসভবনের সামনে ইটপাটকেল ছোড়ে এবং উস্কানিমূলক স্লোগান দেয়। গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নয়াদিল্লি।

মাঠে নামল সেনাবাহিনী, শান্ত থাকার আবেদন ইউনিসের
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বিভিন্ন শহরের রাজপথে টহল দিচ্ছে সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়ে বলেছেন, “সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।” তবে নির্বাচনের আগে এই অস্থিরতা দমনে হিমশিম খাচ্ছে প্রশাসন।

শনিবার জানাজা: আরও বড় বিক্ষোভের আশঙ্কা?
সিঙ্গাপুর থেকে আজ শুক্রবার দুপুর ৩টে ৫০ মিনিটে শরিফ ওসমান হাদির দেহ ঢাকায় আনা হচ্ছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এই জমায়েতকে কেন্দ্র করে ঢাকা জুড়ে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।