₹৩ লাখের ল্যাপটপ, নগদ, ব্যাগ—সব ফেরত! হাওড়া-শিয়ালদহ RPF-এর ‘অপারেশন আমানত’-এ ধুন্ধুমার কাণ্ড

পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদা ডিভিশনের আরপিএফ কর্মীরা ‘অপারেশন আমানত’-এর অধীনে ফের বড় সাফল্য অর্জন করেছেন। যাত্রীদের ফেলে যাওয়া প্রায় ৩,১৪,২০০ টাকা মূল্যের জিনিসপত্র উদ্ধার করে সেগুলির প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন তাঁরা। এই অপারেশনের মাধ্যমে রেলযাত্রীদের নিরাপত্তা ও সহায়তা প্রদানের ক্ষেত্রে এক নতুন নজির সৃষ্টি হলো।

উদ্ধার হওয়া মূল্যবান জিনিসপত্রের মধ্যে ছিল দুটি জ্যাকেট, একটি ব্লেজার, দুটি মোবাইল ফোন, এবং ১৭টি ব্যাগ ও ওয়ালেট। এর মধ্যে একটি ল্যাপটপ, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ওষুধ, পোশাক, একটি কার্পেট এবং ১,৫০০ টাকা নগদ-সহ আরও অনেক মূল্যবান সামগ্রী ছিল।

হাওড়া, বর্ধমান, ব্যান্ডেল, সাঁইথিয়া, রামপুরহাট, শিয়ালদহ, বালিগঞ্জ, বনগাঁ, ব্যারাকপুর, আসানসোল, জামতাড়া, দুমকা, দুর্গাপুর, জসিডিহ এবং মালদহের মতো গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও চত্বর থেকে এই উদ্ধারকার্য চালানো হয়। পূর্ব রেলের রেল রক্ষী বাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সমস্ত জিনিসপত্র যত্ন সহকারে যাচাই এবং যথাযথ নথিকরণের পর দ্রুত যাত্রীদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিজেদের হারানো জিনিস ফেরত পেয়ে যাত্রীরা উচ্ছ্বসিত এবং আরপিএফ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‘অপারেশন আমানত’-এর মূল লক্ষ্য হল ট্রেন বা রেল স্টেশনে ফেলে যাওয়া বা হারিয়ে যাওয়া লাগেজ, মোবাইল ফোন বা অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার করে যাত্রীদের কাছে ফিরিয়ে দেওয়া। হারানো জিনিস খুঁজে পেতে এবং ফেরত পেতে একটি অনলাইন পোর্টাল এবং বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে যাত্রীদের সাহায্য করা হচ্ছে।