কমলা পসন্দ পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূর আত্মহত্যা, স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে অবসাদ?

দেশের অন্যতম বৃহৎ পান মশলা প্রস্তুতকারী সংস্থা ‘রাজশ্রী’ এবং ‘কমলা পসন্দ’-এর কর্ণধার কমল কিশোরের বড় ছেলে হরপ্রীত চৌরাসিয়ার স্ত্রী দীপ্তি চৌরাসিয়া (৪০) আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার বিকেলে দিল্লির বসন্ত বিহার এলাকায় তাঁর বাড়ি থেকে দীপ্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় শিল্পপতি পরিবার এবং সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে দীপ্তির শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হতে পারে।
স্বামীর দ্বিতীয় বিয়েই কি আত্মহত্যার কারণ?
কমল কিশোরের বড় ছেলে হরপ্রীত চৌরাসিয়ার সঙ্গে দীপ্তির বিয়ে হয়েছিল ২০১০ সালে। তাঁদের একটি ১৪ বছরের ছেলেও রয়েছে। সম্প্রতি জানা গেছে, হরপ্রীত দক্ষিণ ভারতীয় এক অভিনেত্রীকে দ্বিতীয় বার বিয়ে করেছেন। এই খবর পাওয়ার পরই দীপ্তি মানসিকভাবে চরম অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে। স্বামীর এই দ্বিতীয় বিয়েই তাঁর আত্মহত্যার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গলায় একটি ওড়না জড়িয়ে দীপ্তি আত্মঘাতী হন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তবে সেই সুইসাইড নোটে কারও নাম উল্লেখ করা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনই কিছু বলতে নারাজ।
এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা সুইসাইড নোটটি খতিয়ে দেখছে এবং মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা করছে।
প্রসঙ্গত, কমলা পসন্দ পান মশলার ব্যবসা কানপুর, দিল্লি, কলকাতা এবং মুম্বইয়ে বিস্তৃত। কয়েক দশক আগে কানপুরের ফিল্ডখানা এলাকা থেকে একটি ছোট দোকান থেকে এই বিশাল ব্যবসার শুরু করেছিলেন কমল কান্ত চৌরাসিয়া।