৪০০০ থেকে ৬০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা HP-র, প্রযুক্তির সাহায্যে স্মার্ট কাজের লক্ষ্যে কর্মী সংকোচন

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে এবার গণ-ছাঁটাইয়ের পথে হাঁটল আরও এক টেক জায়ান্ট HP (এইচপি)। মঙ্গলবার, ২৫ নভেম্বর, সংস্থাটি ঘোষণা করেছে যে ২০২৮ সালের মধ্যে তারা বিশ্বব্যাপী ৪,০০০ থেকে ৬,০০০ কর্মী ছাঁটাই করবে। সংস্থার দাবি, প্রডাকশন বাড়ানো এবং স্মার্ট কাজের জন্য বিভিন্ন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে। আর এই কারণেই কর্মী সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থার সিইও এনরিক লরেস নিজে এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, সংস্থার প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম, ইন্টারন্যাল অপারেশনস এবং কাস্টমার সাপোর্ট টিমের কর্মীদেরই এই ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছে। তাঁর দাবি, আগামী তিন বছরের মধ্যে সংস্থার আমানত ১ বিলিয়ন মার্কিন ডলার করার লক্ষ্য রয়েছে, যার জন্যই এই কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেও সংস্থাটি প্রায় ২,০০০ কর্মী ছাঁটাই করেছিল।

Apple এবং Amazon-ও ছাঁটাইয়ের পথে

শুধুমাত্র HP নয়, কর্মী ছাঁটাইয়ের তালিকায় রয়েছে একাধিক দেশি-বিদেশি বড় কোম্পানি। সম্প্রতি Apple-ও তাদের সেলস টিম থেকে কর্মী সংকোচনের কথা জানিয়েছে। এর আগে, মূলত অ্যাকাউন্ট ম্যানেজার এবং অ্যাপল ব্রিফিং সেন্টারের দায়িত্বে থাকা কর্মীদের ছাঁটাই করা হয়েছিল। তবে Apple একটি সুবিধা দিয়েছে যে, ছাঁটাই হওয়ার পরেও কেউ অন্য কোনো পদে আবেদন করতে চাইলে তা করতে পারবেন।

অন্যদিকে, Amazon-ও বিশ্বব্যাপী প্রায় ১৪,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। অ্যামাজন জানিয়েছে যে, AI-তে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের পথে হাঁটতে চাইছে তারা, যার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুধুমাত্র অক্টোবরেই ২১টি সংস্থা ১৮,৫১০ জন কর্মী ছাঁটাই করেছে। নভেম্বরেও প্রায় ২০টি সংস্থা এখনও পর্যন্ত মোট ৪,৫৪৫ জন কর্মীকে ছাঁটাই করেছে।