মর্মান্তিক! চাষের কাজ সেরে বাড়ি ফেরা হলো না, ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হলো যুবকের, পরিবারে শোকের ছায়া

গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হল চালক তথা ট্রাক্টর মালিকের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায় বিডিও রোড সংলগ্ন অঞ্চলে।
নিহত যুবকের নাম আলামিন মন্ডল ওরফে রবি (৩৫)। তাঁর বাড়ি হরিহরপাড়ার বিডিও রোড জোড়া শিব মন্দির কদমতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে আলামিন জমিতে চাষের কাজ সেরে ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলেন। হরিহরপাড়া বিডিও রোড সংলগ্ন এলাকায় চাষের জমি থেকে বড় রাস্তায় ওঠার সময় আচমকাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে সেটি নয়নজুলিতে উলটে যায়।
ট্রাক্টরের ভারের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন আলামিন ওরফে রবি। পথচলতি মানুষ ঘটনাটি দেখে চিৎকার শুরু করলে দ্রুত এলাকাবাসী ছুটে আসেন। তাঁরা তড়িঘড়ি যুবককে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অল্পবয়সী যুবকের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।