শাহজাহান ঘনিষ্ঠ আরও একজন গ্রেফতার! ED হানায় হামলার ঘটনায় জালে ‘দুরন্ত মোল্লা’, CBI-এর বড় পদক্ষেপ

শেখ শাহজাহানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শেখ শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুরন্ত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। তখনই শাহজাহান ঘনিষ্ঠ এবং অনুগামীরা ইডি আধিকারিকদের উপর সশস্ত্র হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজন আধিকারিক গুরুতর আহত হন।

সেই হামলার ঘটনায় যাদের নাম এবং ছবি প্রকাশ্যে এসেছিল, তাদের মধ্যে দুরন্ত মোল্লা ছিলেন অন্যতম। এই ঘটনার পর থেকেই দুরন্ত মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছিল সিবিআই। এমনকি, তাঁর বাড়িতে নোটিস পর্যন্ত দিয়ে আসা হয়েছিল।

অবশেষে দীর্ঘ টালবাহানার পর গতকাল মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিতে যান অভিযুক্ত দুরন্ত মোল্লা। সেখানেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্র মারফত জানা গিয়েছে, আজ বুধবার দুরন্ত মোল্লাকে আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানাতে পারে সিবিআই। এই গ্রেফতারি শাহজাহান-ঘনিষ্ঠদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।