‘মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন সব চুরি দুর্নীতি ধরে ফেলেছে নির্বাচন কমিশন’, SIR নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

এসআইআর (SIR- Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা দিতে গিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে শুভেন্দু অধিকারী দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী দুর্নীতি ধরা পড়ার ভয়ে রয়েছেন।
শুভেন্দু অধিকারী বলেন, “পিসি (মমতা বন্দ্যোপাধ্যায়) বিহার ভোটের দিন থেকেই উদ্বেগে আছেন। তিনি ভয় পাচ্ছেন যে নির্বাচন কমিশন তাঁর সমস্ত নির্বাচনী চুরি ও দুর্নীতি ধরে ফেলেছে।”
বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছেন কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের ভোটার তালিকায় হওয়া বিভিন্ন দুর্নীতি ও কারচুপি উন্মোচিত হবে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নির্বাচনী দুর্নীতি ঢাকার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, এর আগে বনগাঁর জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর-এর বিরোধিতা করে মতুয়া সম্প্রদায়কে সতর্ক করেছিলেন এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সেই আক্রমণেরই সরাসরি পাল্টা জবাব বলে মনে করছে রাজনৈতিক মহল।