শিবসেনা প্রার্থীর গাড়ির ধাক্কায় দুর্ঘটনা! নিহতদের মধ্যে গাড়ির চালক ও দুই স্থানীয় যুবক, আহত অনেকে

মহারাষ্ট্রের ঠানে জেলার অম্বরনাথ ফ্লাইওভারে শুক্রবার সন্ধ্যায় এক মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গিয়েছে, গাড়ি চালানোর সময় চালক হার্ট অ্যাটাকের শিকার হওয়ার ফলে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে থাকা বেশ কয়েকটি বাইক ও স্কুটারকে সজোরে ধাক্কা মারে।

৭টা ১৫-এর দুর্ঘটনা

দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। পুলিশের মতে, সংঘর্ষের অভিঘাত এতটাই গুরুতর ছিল যে একটি বাইকের চালক ধাক্কার জেরে ফ্লাইওভার থেকে নীচে মূল রাস্তায় ছিটকে পড়ে যান।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি দ্রুতগামী গাড়ি ব্যস্ত ফ্লাইওভারে একাধিক দু’চাকার গাড়িকে ধাক্কা মারছে। India Today-র রিপোর্ট অনুযায়ী, শিবসেনার স্থানীয় নির্বাচনী প্রার্থী কিরণ চৌবে তাঁর সহায়ক এবং চালক, লক্ষ্মণ শিন্ডের সাথে গাড়িতে ছিলেন।

চালকের হার্ট অ্যাটাক, মৃত ৪

পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক লক্ষ্মণ শিন্ডে গাড়ি চালানোর সময়ই হার্ট অ্যাটাকের শিকার হন। এরপর তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি ফ্লাইওভারের ডিভাইডার টপকে গিয়ে চার থেকে পাঁচটি অন্য গাড়িকে ধাক্কা মারে।

এই ভয়াবহ দুর্ঘটনায় গাড়ির চালক শিন্ডে এবং দুই স্থানীয় যুবক, সুমিত চেলানি ও শৈলেশ যাদব ঘটনাস্থলেই মারা যান। অর্থাৎ, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, স্থানীয়রা আহত শিবসেনা প্রার্থী কিরণ চৌবেকে গাড়ি থেকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চৌবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তাঁর দুই সহায়কের সাথে তিনি পর্যবেক্ষণে আছেন।