৯ মাসের মধ্যে সবচেয়ে কম! উৎসবের মরশুমের পরেও কমল উৎপাদন, কেন ভয় পাচ্ছেন বিশেষজ্ঞরা?

দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। চলতি বছরের নভেম্বরে ভারতের বেসরকারি ক্ষেত্রের সম্প্রসারণের গতি ছ’মাসের তলানিতে নেমে এসেছে। যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ম্যানুফ্যাকচারিং (উৎপাদন) সেক্টরের নিম্নমুখী গতি। তথ্য বলছে, উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধির হার গত ন’মাসের নিরিখে সর্বনিম্ন স্তরে ঠেকেছে। যা বিশেষজ্ঞ মহলের গরিষ্ঠ অংশের চিন্তা বাড়িয়েছে।

শুক্রবার সংবাদসংস্থা রয়টার্স-এর রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে। এ দিন এইচএসবিসি’র বহুল প্রতীক্ষিত ফ্ল্যাশ ইন্ডিয়া কম্পোজ়িট পারচেজ়িং ম্যানেজার’স ইন্ডেক্স (পিএমআই) প্রকাশিত হয়েছে।

চলতি বছরের নভেম্বরে সামগ্রিক পিএমআই সূচকটি নেমে এসেছে ৫৯.৯-এ, যা গত মাসে ছিল ৬০.৪-এ।

বিশেষজ্ঞদের মতে, এই পতন সত্ত্বেও পিএমআই সূচক ৫০-এর উপরে রয়েছে, যা এখনও বৃদ্ধি নির্দেশ করছে। তাই এক দিকে এটি স্বস্তির কারণ। তবে, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই সূচকে টানা তিন মাস ধরে পতন লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষজ্ঞদের গরিষ্ঠ অংশের মত, পিএমআই-তে টানা তিন মাস ধরে পতন একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভারতের অর্থনীতি তার ‘ঊর্ধ্বগতি’ হারাচ্ছে এবং বৃদ্ধির হার কমছে।

সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, উৎপাদন ক্ষেত্রের পরিস্থিতি আরও খারাপ।

চলতি বছরের নভেম্বরে ফ্ল্যাশ ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পিএমআই নেমে এসেছে ৫৭.৪-এ। যা গত ন’মাসের মধ্যে সর্বনিম্ন।

গত মাসে এই সূচক ছিল ৫৯.২-এ।

ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, নতুন ব্যবসার ক্ষেত্রে সেভাবে বৃদ্ধি না পাওয়ায় কারখানায় উৎপাদন বৃদ্ধির পরিমাণ মে মাসের পর থেকেই ‘দুর্বল’ অবস্থায় ছিল। ফলে, বিশেষজ্ঞদের আশঙ্কা— অর্থনীতির এই নিম্নমুখী প্রবণতা দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে আগামী দিনে তা আরও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।