কূটনৈতিক চাপ? ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জের! জামনগরের বিশাল শোধনাগারে রফতানির জন্য রাশিয়ান তেল আমদানি বন্ধ RIL-এর

ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হওয়ার আলোচনার আবহেই বড়সড় পদক্ষেপ নিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)। কোম্পানিটি জানিয়েছে, গুজরাটের জামনগরে অবস্থিত তাদের একমাত্র রফতানিকারী শোধনাগারে রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার বন্ধ করে দিয়েছে। মূলত, ইউরোপীয় ইউনিয়নের (EU) কঠোর নিষেধাজ্ঞার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানিয়ে রাখা ভালো, রিলায়েন্স ভারতের মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা হিসেবে পরিচিত। কোম্পানিটি তার বিশাল জামনগর তেল শোধনাগার কমপ্লেক্সে এই তেলকে পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানিতে রূপান্তরিত করে, যা ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাসহ অন্যান্য দেশে রফতানি করা হয়।
৪ ডিসেম্বর থেকে কার্যকর: রাশিয়ান জ্বালানি রফতানি নিষিদ্ধ
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি আয় কমাতে বেশ কয়েকটি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রাশিয়ান অপরিশোধিত তেল থেকে তৈরি জ্বালানি বিক্রি এবং রফতানির ওপর নিষেধাজ্ঞা। যেহেতু ইউরোপীয় ইউনিয়ন রিলায়েন্সের জন্য একটি প্রধান বাজার, তাই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে RIL।
কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, জামনগরের SEZ (বিশেষ অর্থনৈতিক অঞ্চল) রিফাইনারি গত ২০ নভেম্বর থেকে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দিয়েছে এবং আগামী ১ ডিসেম্বর থেকে সমস্ত রফতানি পণ্য অ-রাশিয়ান অপরিশোধিত তেল থেকে তৈরি করা হবে।
মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে যোগ?
এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন সংক্রান্ত বিষয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা। এই নিষেধাজ্ঞাগুলি রাশিয়ান তেল কোম্পানি লুকোয়েল এবং রোসনেফ্টকে লক্ষ্য করে জারি করা হয়েছিল।
মুকেশ আম্বানির RIL-এর রোসনেফ্টের সঙ্গে প্রতিদিন প্রায় ৫০০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল কেনার জন্য দীর্ঘমেয়াদী চুক্তি ছিল। সূত্র জানায়, এই মার্কিন নিষেধাজ্ঞার পরই রিলায়েন্স তাদের দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ভারত থেকে কিছু আমদানির ওপর আমেরিকা ৫০ শতাংশ পর্যন্ত ভারী শুল্ক আরোপের পর ট্রাম্পের এই ঘোষণা সামনে আসে, যা অনেকাংশে রাশিয়া থেকে ভারতের তেল কেনার প্রতিশোধ হিসেবে আরোপ করা হয়েছিল বলে মনে করা হয়।