এই প্রথম কেক কাটলেন! ৬৫-তে পা দিয়ে খোশমেজাজে অনুব্রত মণ্ডল, কর্মীদের নিয়ে জমজমাট ‘জন্মোৎসব’ বোলপুরে

৬৫ বছর পূর্ণ করলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। জেল মুক্তির পর এটিই ছিল তাঁর প্রথম জন্মদিন। তাই এদিন সকাল থেকেই বোলপুরের বাড়িতে ভিড় জমিয়েছিলেন কর্মী-সমর্থকরা। কেক কেটে, পায়েস খেয়ে রীতিমতো হইহুল্লোড় করে জন্মদিন পালন করলেন তৃণমূলের কোর কমিটির এই আহ্বায়ক।

তবে এই জন্মদিনের বিশেষ চমক লুকিয়ে ছিল অনুব্রতর দাবিতেই। তৃণমূল নেতার দাবি, জীবনে এই প্রথমবার তিনি কেক কাটলেন! শুধু তাই নয়, আজ যে তাঁর জন্মদিন, সে কথা তাঁর মনেও ছিল না।

অনুপ্রত মণ্ডল বলেন, “কর্মীদের প্রচণ্ড উৎসাহ ছিল। আমার জন্মদিন আমি জানতাম না। সকালবেলা মেয়ে বলল বাবা আজ তোমার জন্মদিন। আমার জন্মদিন তো হইহল্লা করে হয় না। এই ভাবে কেক কাটা, ফুলের তোড়া নিয়ে আসা, কোনওদিন হয়নি। আমাদের বাড়িতে কোনও দিন কেক কাটা হয় না। কর্মীরা খুবই ভাল। ঈশ্বর সবার মঙ্গল করুন।”

জন্মদিনে এলাহি আয়োজন, মেনুতে কী ছিল?
অনুব্রতর জন্মদিন উপলক্ষে এ দিন সকাল থেকেই তাঁর বাড়িতে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ হাতে করে এনেছিলেন কেক, কেউ আবার মিষ্টি আর ফুলের তোড়া। অনুগামীদের উৎসাহে আপ্লুত তৃণমূল নেতা কর্মীদের আনা একাধিক কেক কাটেন।

জন্মদিন উপলক্ষে বাড়িতে খাওয়া-দাওয়ারও বিশেষ আয়োজন ছিল। দুপুরের মেনুতে ছিল পাঁচ রকম ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, পোস্তর বড়া, বাঁধাকপির তরকারি, শাক ভাজা, মাছের মাথা দিয়ে টক এবং ঐতিহ্যবাহী পায়েস।

এদিকে, অনুব্রতর মঙ্গল কামনায় এদিন তাঁর অনুগামীরা তারাপীঠ, কঙ্কালিতলা সহ বীরভূমের একাধিক মন্দিরে বিশেষ পুজোও দেন।