মুখ ঢেকে রেস্তোরাঁয় ঢুকে লাঠি দিয়ে সপাসপ বাড়ি! ভোপালে দুষ্কৃতীদের তাণ্ডবে হাড়হিম করা দৃশ্য ভাইরাল

কলকাতা। রেস্তোরাঁ যখন অতিথিদের ভিড়ে সরগরম, ঠিক সেই সময় ঘটল ভয়াবহ বিপত্তি। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে মুখে কাপড় বেঁধে রেস্তোরাঁয় ঢুকে একদল দুষ্কৃতী সেখানকার চেয়ার, টেবিল সব ভেঙেচুরে দিল। তাদের হাতে ছিল লাঠি, যা দিয়ে তারা একের পর এক আসবাবপত্রে আঘাত হানতে শুরু করে।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রুফটাফ রেস্তোরাঁয় যখন ভাঙচুর চলছে, তখন দুষ্কৃতীদের হামলা থেকে বাঁচতে সেখানে উপস্থিত অতিথিরাও এক এক করে পালাতে শুরু করেন। এক দম্পতিকে দেখা যায়, লাঠির আঘাত পিঠে পড়ার আগেই তারা দ্রুত সেখান থেকে ছুটে পালাচ্ছেন।

ভোপাল থেকে প্রকাশ্য আসা এই দৃশ্য দেখে অনেকেরই হাড় হিম হয়ে যায়। পাশাপাশি প্রকাশ্যে এভাবে দিনের আলোয় গুণ্ডামি কীভাবে করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বহু মানুষ। পুলিশ এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।