মারধরের ভিডিও উদ্ধার বিডিও-র ড্রাইভারের ফোনে! পিটিয়ে খুনের আগে নিউটাউনের ফ্ল্যাটে কী অনুষ্ঠান হয়েছিল

কলকাতা। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের ঘটনায় নয়া মোড় এল। এই মুহূর্তে পুলিশ ও গোয়েন্দাদের নজরে রয়েছে দুই মহিলা, যাঁরা খুনের সময় নিউটাউনের সেই বহুতলে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। অভিযোগ, যে বহুতলটিতে এই অপহরণ ও খুনের ঘটনা ঘটেছে, সেটি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের।
জানা গিয়েছে, মারধরের সময় ওই দুই মহিলা বহুতলের নীচের ঘরে ছিলেন। গোয়েন্দা সূত্র অনুযায়ী, পিটিয়ে খুনের আগের দিন বহুতলে একটি অনুষ্ঠান হয়েছিল এবং সেই অনুষ্ঠানে কাঁকুড়গাছি ও বসিরহাট থেকে আসা এই দুই মহিলা আমন্ত্রিত ছিলেন। এবার তদন্তকারীরা এই দুই মহিলাকে সাক্ষী করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চান, তাই তাঁদের নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদের তোড়জোড় শুরু হয়েছে।
খুন ও মৃতদেহ লোপাট:
গত ২৮ অক্টোবর সল্টলেকের দত্তাবাদ থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে। বিডিও-র বাড়ি থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করতে গিয়ে স্বপনকে নিউ টাউনের নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের সময়ই স্বপনের মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, ওই ব্যবসায়ীর মৃতদেহ বিডিও-র গাড়ি ব্যবহার করেই যাত্রাগাছির খালপাড়ে ফেলে আসা হয়েছিল।
৪ জন গ্রেফতার, ভিডিওতে প্রমাণ:
এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে অভিযুক্ত বিডিও-র কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং কোচবিহার থেকে গ্রেফতার হওয়া বিডিও-র ‘মাসলম্যান’ বিবেকানন্দ সরকারও রয়েছে। বিবেকানন্দের খুনে সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, ঘরের ভিতরে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করার সেই ভিডিও রেকর্ডিং অভিযুক্ত বিডিও-র গাড়ির চালক রাজু ঢালির মোবাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছে, মারধরের সময় বিডিও প্রশান্ত বর্মণও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিধাননগর গোয়েন্দা শাখা বিডিও-র গোটা গতিবিধির উপরে কড়া নজর রাখছে।