‘টক্সিক’-এর পর এবার কি অ্যান্ড কা-র সিক্যুয়েলে ধামাকা! কারিনা-অর্জুনের জুতোয় পা গলাচ্ছেন কিয়ারা?

বক্স অফিসে ধামাকা তোলার পর এবার কিয়ারা আদভানির ঝুলিতে আসতে চলেছে আরও এক বড় প্রজেক্ট। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘টক্সিক’-এ নিজের সাহসী ও অন্তরঙ্গ দৃশ্যের মাধ্যমে খবরের শিরোনামে থাকা এই অভিনেত্রী এবার পা রাখতে চলেছেন আরও একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে। বলিপাড়ায় জোর গুঞ্জন, ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত কারিনা কাপুর খান এবং অর্জুন কাপুর অভিনীত আলোচিত ছবি ‘কি অ্যান্ড কা’ (Ki & Ka)-এর সিক্যুয়েলের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ এখন কিয়ারা।
১০ বছর পুরোনো এই হিট ছবির দ্বিতীয় পর্বের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নির্মাতারা। বিশ্বস্ত সূত্রে খবর, ছবির মুখ্য চরিত্রের জন্য কিয়ারার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। যদিও তিনি এখনও এই প্রোজেক্টে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি, তবে তাঁর ইতিবাচক সাড়ায় বলিপাড়ায় উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
প্রতিবেদনে প্রকাশ, ছবিটির চিত্রনাট্য এবং কিয়ারার চরিত্র নিয়ে নির্মাতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। তবে ছবির মূল আকর্ষণ অর্থাৎ কিয়ারার বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে, তা নিয়ে এখনও চলছে জল্পনা। নির্মাতারা বর্তমানে একজন যোগ্য নায়কের খোঁজে রয়েছেন। সব ঠিকঠাক থাকলে চলতি বছরই শুরু হতে পারে ছবিটির শুটিং। বক্স অফিসে এই নতুন জুটি কতটা জাদু কাড়তে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।