SSC নিয়োগে নথি যাচাই শুরু ১৮ নভেম্বর থেকে, প্রথম দিনেই বাংলা বিষয়ের ৭১০ প্রার্থীকে তলব, দ্রুত কাজের জন্য ১৫ টেবিলের ব্যবস্থা

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) অবশেষে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ—নথি যাচাই (Document Verification) শুরু করতে চলেছে। আগামী ১৮ নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনেই বাংলা বিষয়ের জন্য তালিকাভুক্ত প্রায় ৭১০ জন প্রার্থীকে ডাকা হচ্ছে।

এসএসসি সূত্রে খবর, ভেরিফিকেশন পদ্ধতি সুষ্ঠু এবং দ্রুত করার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন গড়ে ১০০০ থেকে ১৫০০ চাকরিপ্রার্থীকে বিভিন্ন বিষয়ের জন্য ডাকা হবে। পুরো প্রক্রিয়ার জন্য প্রায় ১৫টি টেবিল রাখা হচ্ছে, যেখানে প্রতিটি টেবিলে ১০০ জন করে প্রার্থীর নথি যাচাই করা হবে। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সকাল ৯:৩০ থেকে।

নথি যাচাইয়ের জন্য যা যা প্রয়োজন:

সোমবার বিজ্ঞপ্তি দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, প্রার্থীদের নথির আসল (Original) এবং স্ব-প্রত্যয়িত প্রতিলিপি (Self-attested photocopies) উভয়ই সঙ্গে রাখতে হবে। প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে:

  • অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই-ইনফরমেশন শিট (যেখানে রোল নম্বর আইডি লেখা আছে)।

  • সচিত্র পরিচয়পত্র (আধার, প্যান, পাসপোর্ট) এবং জাতিগত শংসাপত্র।

  • বিশেষ ভাবে সক্ষম বা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ।

  • গুরুত্বপূর্ণ: প্রত্যেকটি বৈধ কাগজের স্বাক্ষর এবং তারিখ ২১ জুলাই ২০২৫-এর আগের হতে হবে।

  • স্নাতকোত্তরের শংসাপত্র ও মার্কশিট (অরিজিনাল)।

  • টেট পাস সার্টিফিকেট এবং শিক্ষক শিক্ষণের যাবতীয় নথি (B.Ed/D.El.Ed)।

  • শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে সে সব প্রতিষ্ঠানের তরফে দেওয়া চিঠি।

শূন্যপদ এবং প্রার্থী পরিসংখ্যান:

শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ রয়েছে ৩৫ হাজার ৭২৬টি। এর মধ্যে উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ) স্তরে শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৫১৪টি। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন এবং ইন্টারভিউতে জায়গা করে নিয়েছে প্রায় ২০ হাজার ৫০০ জন।