তৃণমূলের বুথ লেভেল এজেন্টের (BLA) দোকানে বসে ভোটার তালিকা সংশোধনের (এনুমারেশন) ফর্ম পূরণের অভিযোগ ওঠায় রাসবিহারী কেন্দ্রের এক বুথ লেভেল অফিসারকে (BLO) শোকজ করল নির্বাচন কমিশন। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে কমিশনের পক্ষ থেকে রাসবিহারীর ১৯০ পার্টের ওই BLO, পরমহংস প্রসাদকে শোকজ করে জবাব চাওয়া হয়েছে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, রাজ্যের BLO-রা বর্তমানে এক কঠিন পরিস্থিতিতে রয়েছেন। একদিকে নির্বাচন সংক্রান্ত কাজের চাপ এবং অন্যদিকে রাজনৈতিক দলগুলির লাগাতার হুঁশিয়ারি ও হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের।
লাগাতার হুঁশিয়ারির মুখে BLO-রা:
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের BLO শাখার সদস্যরা যখন শিক্ষা বহির্ভূত কাজের বোঝা চাপানোর অভিযোগে CEO-এর দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক তখনই ফের BLO-দের কড়া বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনও গরমিল প্রমাণ হয়, চাকরি যাবে, সঙ্গে জেলে যাবে।”
এর আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও BLO-দের সতর্ক করে বলেছিলেন, “এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।” কোচবিহার পুরসভার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনও বিতর্কিতভাবে BLO-দের “বেঁধে রাখার” দাওয়াই দিয়েছিলেন।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, BLO-দের ভুল তথ্য দিতে চাপ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “ভুল তথ্য দিলে ইলেকশন কমিশন এর সাইট নেবে না। সব রকমের তথ্য খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।” তিনি বিহারের উদাহরণ টেনে বলেন, সেখানেও এমন চেষ্টা হয়েছিল, কিন্তু লাভ হয়নি। তৃণমূল যদিও এই হুঁশিয়ারিকে কটাক্ষ করতে ছাড়েনি, তবে BLO-দের একাংশের বিরুদ্ধে বিরোধী দলনেতার এই বিস্ফোরক অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।