‘জাতীয় স্তরে যাওয়ার স্বপ্ন!’, পলিটিক্যাল-ক্রাইম থ্রিলার দিয়ে পরিচালনায় হাত দিচ্ছেন বাঙালি শিবাজি দত্ত

গত বছর বাংলা সিনেমা ‘খেলাঘর বাঁধতে লেগেছি’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয়েছিল শিবাজি দত্তর (Shibaji Dutta)। এবার তিনি সিনেমার বৃহত্তর জগতে পা রাখছেন। নতুন বছরের শুরুতেই তাঁর বলিউড ডেবিউ হতে চলেছে। জানা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই তিনি তাঁর প্রথম হিন্দি সিনেমার শুটিংয়ে হাত দেবেন।

২০২৪ সালে মুক্তি পাওয়া শিবাজি পরিচালিত প্রথম সিনেমায় মুখ্যচরিত্রে ছিলেন জয় সেনগুপ্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং পার্থসারথী দেবের মতো অভিনেতারা। সেই সাফল্যের পর তাঁর পরিচালনার পরিধি আরও বাড়তে চলেছে।

জাতীয় স্তরে কাজের স্বপ্ন
পরিচালক শিবাজি দত্ত জানান, “আমি কলকাতায় সিনেমা জগতে নিজের ভাগ্য পরীক্ষা করেছিলাম। সেখানে দর্শকদের ভালো প্রতিক্রিয়া পেয়েছি। বাংলার আরও দুটো প্রোজেক্ট রয়েছে পাইপ লাইনে, যার মধ্যে একটি সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, এবং অন্যটির আগামী ডিসেম্বরে ঘোষণা হতে চলেছে।”

তিনি আরও বলেন, “আমি সিনেমা ছাড়াও বিজ্ঞাপনের কাজ করি। পাশাপাশি হিন্দি ও পঞ্জাবি চিত্রনাট্যও লিখি। আর একজন ফিল্ম মেকার হিসাবে আমি সবসময় নিজের কাজকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি। যেহেতু আমার হিন্দি থিয়েটার ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাই হিন্দিতে কিছু করার ইচ্ছা সবসময়ই ছিল।”

কী নিয়ে তৈরি হচ্ছে প্রথম হিন্দি ছবি?
পরিচালক জানান, তাঁর হিন্দি সিনেমার চিত্রনাট্য লেখার কাজ দু’বছর আগে থেকেই শুরু হয়েছিল এবং তখন থেকেই তিনি রিসার্চ শুরু করেছিলেন। এটি একটি পলিটিক্যাল-ক্রাইম থ্রিলার হতে চলেছে।

তবে, মুখ্যচরিত্রে কারা থাকছেন, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। তিনি জানান, খুব শীঘ্রই মুম্বইয়ে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার নাম ও প্রধান চরিত্রদের আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হবে।