দিল্লি বিস্ফোরণ ও শ্রীনগর কাণ্ডের জেরে হাওড়া-শিয়ালদহে বাড়ল নিরাপত্তা, RPF-এর ডিউটি এখন ১২ ঘণ্টা

দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া হাইপ্রোফাইল বিস্ফোরণ এবং এর চার দিনের মাথায় জম্মু-কাশ্মীরের নওগাম থানায় বাজেয়াপ্ত বিস্ফোরক ফেটে ৯ জনের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হাওড়া ও শিয়ালদা চত্বরে নাকা চেকিং বাড়ানোর পাশাপাশি গাড়িতে মেটাল ডিটেক্টর দিয়ে চালানো হচ্ছে কড়া তল্লাশি।

নিরাপত্তা বাড়াতে রেলমন্ত্রকের জরুরি নির্দেশিকা

রেলমন্ত্রকের তরফে এই দুই স্টেশনে নিরাপত্তা জোরদার করার জন্য জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। রেল সূত্রে খবর, আপাতত হাওড়া ও শিয়ালদহে কর্তব্যরত রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কর্মীদের ডিউটির সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়েছে। RPF কর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

হাওড়া স্টেশন, যা ভিনরাজ্য থেকে এরাজ্যে প্রবেশের অন্যতম প্রধান গেটওয়ে, সেখানে নজরদারি এখন আরও নিবিড়। নাকা তল্লাশির সময় গাড়িগুলির পাশাপাশি যাত্রীদের ব্যাগও খুঁটিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক মনে হলেই চলছে জিজ্ঞাসাবাদ। RPF-এর সঙ্গে বম্ব স্কোয়াডও নজরদারি চালাচ্ছে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ সব স্টেশনেই সিসি ক্যামেরার নজরদারির ওপর জোর দেওয়া হচ্ছে।

এই কড়াকড়ি প্রমাণ করে যে তদন্ত যত এগোচ্ছে, ততই রাজধানীতে সন্ত্রাসের সূত্র পোক্ত হচ্ছে বলে নিরাপত্তা সংস্থাগুলি মনে করছে।