ব্রণ দূর করে, কমায় ক্যানসারের ঝুঁকি! সারা বছর সহজলভ্য আঙুর খেলে শরীরে কী কী অলৌকিক পরিবর্তন আসে?

আঙুর এমন একটি ফল যা প্রায় সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায়। এটি সহজলভ্য এবং স্বাদেও দারুণ। প্রতিদিনের খাদ্যতালিকায় এই ফলটি রাখা পুষ্টিবিদদের মতে খুবই উপকারী। আঙুরে থাকা বহু পুষ্টি উপাদান শরীরকে ভালো রাখতে কাজ করে। নিয়মিত আঙুর খেলে আপনি নিম্নোক্ত ৫টি উপকারিতা পাবেন।

১. অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর: আঙুর প্রচুর অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, যা নানাভাবে শরীরের কাজে লাগে। এটি হার্ট ভালো রাখে এবং ক্যান্সারের আশঙ্কা অনেকাংশে কমিয়ে দেয়। আঙুরের অ্যান্টি অক্সিডেন্ট উপাদানগুলো রক্ত সঞ্চালন ভালো করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কাজ করে। মনে রাখবেন, এই উপাদানগুলো আঙুরের খোসা ও বীজেও থাকে, তাই খাওয়ার সময় এগুলো বাদ দেবেন না।

২. সমাধান করে ত্বকের সমস্যার: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আঙুর ত্বকের সমস্যার সমাধান করতে এবং ত্বকের তারুণ্য বজায় রাখতে কাজ করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, আঙুরে থাকা রেসভারেট্রল (Resveratrol) নামক উপাদান সাধারণ অ্যাকনের (ব্রণ) ওষুধ বেন্জল পারঅক্সাইডের সঙ্গে মিলে ব্রণ সৃষ্টির জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মোকাবিলা করে।

৩. প্রচুর পটাশিয়াম: প্রতি ১০০ গ্রাম আঙুরে আপনি পাবেন ১৯১ মিলিগ্রাম পটাশিয়াম। প্রচুর পটাশিয়াম গ্রহণ শরীরের জন্য নানা রকম উপকার করে। লো সোডিয়াম এবং হাই পটাশিয়াম যুক্ত ডায়েট উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে। এর ফলে হার্টের সমস্যার আশঙ্কা অনেকাটাই কমে যায় এবং দূর হয় হাই কোলেস্টেরলের সমস্যাও। এছাড়াও, পটাশিয়াম পেটের নানা ধরনের সমস্যার সমাধান করতে সহায়ক।

৪. ভালো রাখে চোখ: মায়ামি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, আঙুর চোখ ভালো রাখতে কাজ করে। এর কারণ হলো—আঙুর রেটিনায় প্রোটেক্টিভ প্রোটিনের মাত্রা বাড়িয়ে তোলে। তাই নিয়মিত আঙুর খেলে চোখ সুস্থ থাকে।

৫. বাড়ে মস্তিষ্কের কার্যক্ষমতা: কয়েকটি গবেষণায় দেখা গেছে, আঙুরে থাকা রেসভারেট্রল মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়াতে কাজ করে। তাই যাদের স্মৃতিশক্তিজনিত সমস্যা রয়েছে, নিয়মিত আঙুর খাওয়া তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য দারুণ উপকারী হতে পারে।