ম্যানেজারের ভুলেই হাতছাড়া হতে বসেছিল বড় কাজ! যেভাবে নাটকীয়ভাবে ‘চুম্বক’ পেলেন অভিনেত্রী অ্যামাইরা

বিনোদন দুনিয়ায় তারকাদের কেরিয়ারে ম্যানেজার বা জনসংযোগ আধিকারিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন প্রোজেক্টে অডিশন দিতে হবে কিংবা কার সঙ্গে মিটিং রয়েছে, সেই সমস্ত তথ্য ম্যানেজারের মাধ্যমেই তারকারা পেয়ে থাকেন। কিন্তু অভিনেত্রী অ্যামাইরা দস্তুরের ক্ষেত্রে ঘটল ঠিক উল্টো ঘটনা। প্রাক্তন ম্যানেজারের এক চরম ভুলেই তাঁর হাতছাড়া হতে বসেছিল বহুচর্চিত মাল্টি-স্টারার সিরিজ ‘চুম্বক’। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার নেপথ্যেই থাকা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
মুম্বইয়ের বিকেসি এলাকায় অর্জুন বিজলানি, হেলি শাহদের সঙ্গে নিজের নতুন শোয়ের প্রচারে এসে অ্যামাইরা জানান, তাঁর তৎকালীন ম্যানেজার তাঁকে এই সিরিজের অডিশনের কোনো খবরই দেননি। কিন্তু পরে তিনি যখন জানতে পারেন যে পার্সি সম্প্রদায়কে কেন্দ্র করে তৈরি হওয়া এই সিরিজের কাস্টিং চলছে, তখন তাঁর মনে হয় এই চরিত্রের জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত।
এরপর আর এক মুহূর্তও নষ্ট না করে নিজেই সিরিজের কাস্টিং ডিরেক্টর যোগী মালের সঙ্গে যোগাযোগ করেন অ্যামাইরা। কাস্টিং ডিরেক্টর তাঁকে জানান যে আগেই যোগাযোগ করা হলেও তিনি নাকি প্রজেক্টটিতে না করে দিয়েছিলেন। এই ভুল বোঝাবুঝি পরিষ্কার করে অ্যামাইরা তৎক্ষণাৎ অডিশন দেন এবং নির্মাতারা তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তাঁকে কাস্ট করেন। নিজের পার্সি সম্প্রদায়ের পটভূমিতে তৈরি এই মজার চরিত্রে অভিনয় করতে পেরে অত্যন্ত আনন্দিত অভিনেত্রী।