আলাদা থাকছেন রাজ-শুভশ্রী! টলিউডের জনপ্রিয় জুটির বিচ্ছেদের গুঞ্জনে বড় মুখ খুললেন খোদ পরিচালক

বেশ কিছুদিন ধরেই টলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা শুরু হতেই উদ্বেগে ছিলেন অনুরাগীরা। তবে সমস্ত গুঞ্জনকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে সমস্ত জল্পনার অবসান ঘটালেন এই তারকা দম্পতি।
শনিবার ছয় বছরে পা দিল রাজ-শুভশ্রীর বড় ছেলে ইউভান। ছেলের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু অদেখা ছবি ও মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন দম্পতি। যার মধ্যে পুলে বাবা-মায়ের সঙ্গে ইউভানের আদুরে ছবি এবং শুভশ্রীর গালে রাজের ভালোবাসার মুহূর্ত নেটপাড়ায় নজর কেড়েছে। তবে ছবি ছাপিয়ে অনুরাগীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে রাজের লেখা আবেগঘন বার্তা।
শুভশ্রীর উদ্দেশে পরিচালক লেখেন, ইউভানের জন্মের পর থেকে একজন মা হিসেবে শুভশ্রীরও নতুন জন্ম হয়েছে। কীভাবে তিনি সংসার ও সন্তানদের আগলে রেখেছেন, সেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে রাজ জানান, স্ত্রীর এই রূপ তাঁকে বারবার নতুন করে ভালোবাসতে শেখায়। অন্যদিকে, ছেলের জন্মদিনে একটি সুন্দর ভিডিও পোস্ট করে শুভশ্রীও বুঝিয়ে দিয়েছেন পরিবারেই তাঁদের সমস্ত মনোযোগ। জুটির এই খোলামেলা রসায়ন দেখে স্বস্তি পেয়েছেন অনুরাগীরা। নিন্দুকদের মুখ বন্ধ করে এই দম্পতি প্রমাণ করে দিলেন, সমস্ত গুঞ্জনকে পিছনে ফেলে তাঁদের সংসার এখন আগের মতোই ভালোবাসায় ভরপুর।