নলহাটিতে শুটআউট, বিউটি পার্লার থেকে ফেরার পথে মহিলাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

নলহাটিতে শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাত পৌনে ন’টা নাগাদ নলহাটি পশ্চিম বিধুপাড়ায় এক মহিলাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা চার রাউন্ড গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত মহিলাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

কারা গুলি চালালো?

জানা গিয়েছে, নলহাটি পশ্চিম বিধুপাড়ার বাসিন্দা সীমা খান বিউটি পার্লার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটে ঢোকার মুখে হঠাৎই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি চারটি গুলি ছোঁড়ে। গুলির আঘাতে তিনি গুরুতরভাবে জখম হন। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এবং পুলিশ তড়িঘড়ি সীমা খানকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সীমা খান আগে কয়েল পাড়ায় থাকতেন।

স্বামীর বিরুদ্ধে অভিযোগের তীর:

ঘটনার খবর পেয়ে নলহাটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে আক্রান্তের পরিবারের তরফে সীমার এক আত্মীয়া মনিরা খাতুন দাবি করেন যে, “দীর্ঘদিন ধরে সীমা খানের স্বামীর সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল।” তিনি আরও সন্দেহ প্রকাশ করেন যে, এই গুলি চালানোর ঘটনার সঙ্গে সীমার স্বামী জড়িত থাকতে পারেন। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। রাতের শহরে এই গুলি চালানোর ঘটনায় নলহাটিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার উদ্দেশ্য এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy