রোগী মৃত্যু ও ক্ষতিপূরণ না-দেওয়ার অভিযোগ! কসবার জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

রোগীর চিকিৎসায় গাফিলতি ও নির্দেশিত ক্ষতিপূরণ দিতে অস্বীকার করায় কসবার জেনেসিস হাসপাতালের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য কমিশন। কমিশন হাসপাতালটির লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে। আপাতত হাসপাতালটি নতুন করে আর কোনও রোগী ভর্তি করতে পারবে না। যদিও বর্তমানে ভর্তি রোগীদের চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ক্ষতিপূরণ না-দেওয়ার অভিযোগ: জেনেসিস হাসপাতালের বিরুদ্ধে গত প্রায় ১১ মাস আগে এক রোগীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে। মূলত, গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে এক রোগীর পরিবারের পক্ষ থেকে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি এবং অযৌক্তিকভাবে চিকিৎসার বিল বাড়ানোর অভিযোগ দায়ের করা হয়।
স্বাস্থ্য কমিশনের শুনানিতে হাসপাতালের পক্ষ থেকে কেউ উপস্থিত হননি। পরে কমিশন নির্দেশ দেয়, ওই রোগী পরিবারকে ৩ লক্ষ ৬৮ হাজার ৮৮৯ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু দীর্ঘ ১১ মাস পেরিয়ে গেলেও সেই টাকা এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ।
স্বাস্থ্য কমিশনের কঠোর বার্তা: সোমবার রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা বারবার মেল করেছি, ফোন করেছি, কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি। হাসপাতালের পক্ষ থেকে কেউ শুনানিতে উপস্থিত হয়নি। হাসপাতালের মালিক চিকিৎসক পূর্ণেন্দু রায়ের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছি, তবে উনি ফোন ধরেননি। তাই ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেসকে বলা হয়েছে জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিলের ব্যবস্থা নিতে।”
যদিও এই বিষয়ে জেনেসিস হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।