২-৩ বছরের জন্য টাকা রাখলে SIP না FD-তে রিটার্ন বেশি? জেনেনিন সহজ হিসেব

ব্যাঙ্কে কিছু জমানো টাকা পড়ে রয়েছে এবং আগামী ২-৩ বছরের মধ্যে তা থেকে ভালো রিটার্ন পাওয়ার কথা ভাবছেন? কিন্তু সেই টাকা ফিক্সড ডিপোজিট (FD) করবেন নাকি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে খাটাবেন, তা নিয়ে ধন্দ কাটছে না? সাধারণ মানুষের এই চিরন্তন দ্বিধা কাটাতে এবার মুখ খুলেছেন প্রখ্যাত আর্থিক বিশেষজ্ঞরা।

বিনিয়োগ করার আগে অধিকাংশ মানুষই সবার আগে কোন স্কিমে সুদের হার বেশি বা কোন মিউচুয়াল ফান্ড সবথেকে বেশি রিটার্ন দিচ্ছে, তা মেলাতে শুরু করেন। তবে লং টেল ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা পরমদীপ সিং এবং এইউএম ওয়েলথ প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত সুরির মতো আর্থিক বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগের মাধ্যম বা সুদের হার দিয়ে সিদ্ধান্ত শুরু করাই সবচেয়ে বড় ভুল।

বিশেষজ্ঞদের সাফ কথা, কোন মাধ্যমে টাকা রাখবেন তা ঠিক করার আগে সবচেয়ে আগে দেখা দরকার নির্দিষ্ট সেই টাকা আপনার কবে প্রয়োজন হবে এবং তার সুনির্দিষ্ট লক্ষ্য কী।

স্বল্পমেয়াদী লক্ষ্যেই সেরা এফডি যদি আগামী এক থেকে তিন বছরের মধ্যে কোনো নির্দিষ্ট কাজের জন্য যেমন কোনো জিনিস কেনা বা জরুরি প্রয়োজনে টাকার দরকার হয়, তবে ফিক্সড ডিপোজিট বা এফডি-ই সবচেয়ে নিরাপদ মাধ্যম। বিশেষজ্ঞদের মতে, বাজার কখনই আপনার ব্যক্তিগত প্রয়োজন বা সময়ের কথা মাথায় রেখে চলবে না। আপনি যখন টাকা তুলতে চাইবেন, ঠিক সেই মুহূর্তে যদি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের বাজার নিম্নমুখী থাকে, তবে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। তাই টাকা তোলার টার্গেট যত কাছাকাছি থাকবে, বিনিয়োগে ঝুঁকি তত কম নেওয়া উচিত। এই ক্ষেত্রে মূলধনের নিরাপত্তা নিশ্চিত করতে এফডি-র জুড়ি মেলা ভার।

দীর্ঘমেয়াদে জাদুকরি ফল দেয় এসআইপি অন্যদিকে, যদি টাকা তোলার সময়সীমা ৫, ৭, ১০ কিংবা ২০ বছর পরে হয় এবং বিনিয়োগকারী যদি বাজারের ঝুঁকি নেওয়ার ক্ষমতা রাখেন, তবে নিয়মিতভাবে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি বা এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। দীর্ঘমেয়াদে স্টক মার্কেটের গ্রোথ সাধারণ সেভিংস বা এফডি-র সুদের হারকে অনেক পেছনে ফেলে দিতে পারে। তাই বিনিয়োগের মাধ্যম বা রিটার্নের তুলনা টানার আগে নিজের পকেটের টাকার মেয়াদ এবং প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।