দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ‘পাকিস্তানের হাত’? মৌলানা কালবে জাওয়াদের বিস্ফোরক দাবিতে তীব্র চাঞ্চল্য!

দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের পর মঙ্গলবারও রাজধানী জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় তদন্তের গতি বাড়ছে। এই পরিস্থিতিতে শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী নেতা মৌলানা কালবে জাওয়াদের বিস্ফোরক মন্তব্যে নতুন মোড় নিয়েছে গোটা ঘটনা। তিনি সরাসরি এই বিস্ফোরণের নেপথ্যে ‘পাকিস্তানের হাত’ থাকার ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার মৌলানা কালবে জাওয়াদ দাবি করেন, “ইসলাম কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না।” তাঁর মতে, “ইসলামকে বদনামের জন্যই এই কান্ড ঘটানো হয়েছে।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক এবং ধর্মীয় মহলে আলোড়ন সৃষ্টি করেছে। এই বিস্ফোরণের মাধ্যমে একটি বৃহত্তর ষড়যন্ত্রের দিকে তিনি ইঙ্গিত করেছেন, যা ইসলাম ধর্মকে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করছে।
এদিকে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করতে পৌঁছেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর একটি বিশেষ টিম। এছাড়াও সিআরপিএফের একটি বড় বাহিনী এলাকা ঘিরে রেখেছে। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহের চেষ্টা করছেন এবং মৌলানা কালবে জাওয়াদের মন্তব্যকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীতে এই হামলার পিছনে সত্যিই কোনও আন্তর্জাতিক যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।