নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় তিন বছর জেলে থাকার পর অবশেষে সব মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়েছে। সোমবার, অর্থাৎ আজ, সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার পর বিশেষ সিবিআই আদালত তাঁর রিলিজ অর্ডার দিয়েছে। পার্থর সঙ্গেই জেলমুক্তির নির্দেশ পেয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও।
দীর্ঘ প্রতীক্ষার পর পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। এই বিষয়ে শাসকদলের তরফ থেকে প্রথম প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
কুণাল ঘোষের প্রতিক্রিয়া:
তৃণমূল নেতা কুণাল ঘোষ সম্পূর্ণ বিষয়টি ‘আইনের বিষয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “আইনের বিষয়। যদি সংশ্লিষ্ট ব্যক্তি কোর্টে কোনও ব্যক্তি জামিনের আবেদন করে থাকেন, আর কোর্ট যদি মনে করেন জামিন পেতে পারেন তাহলে তিনি আইন মতোই জামিন পাবেন।”
দলীয় স্তরে এই বিষয়ে সরাসরি কোনো রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত রইলেন কুণাল। তাঁর বক্তব্য স্পষ্ট— জামিনের প্রক্রিয়া আদালতের এখতিয়ারভুক্ত এবং আইন মেনেই এই সিদ্ধান্ত হয়েছে।
পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে, একই মামলায় জামিন পাওয়ায় সুবীরেশ ভট্টাচার্যেরও বাড়ি ফেরা এখন সময়ের অপেক্ষা।