নজিরবিহীন! সিনে আড্ডার ‘মাস্টারমাইন্ড’ স্বরূপ বিশ্বাস সহ কর্তারা গায়েব, প্রথমবার উৎসবের সঙ্গে নেই ফেডারেশন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম জনপ্রিয় বিভাগ ‘সিনে আড্ডা’ (Cine Adda) মঞ্চ থেকে এবার সম্পূর্ণ উধাও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (Federation) কর্তাব্যক্তিরা। প্রতি বছর যেখানে ফেডারেশনের সক্রিয় ভূমিকা থাকত, সেখানে এবারের উদ্বোধনী অনুষ্ঠান সহ একতারা মঞ্চের দূরদূরান্তেও দেখা মেলেনি সভাপতি স্বরূপ বিশ্বাস বা অন্য পদাধিকারীদের। এই ঘটনাকে ‘ভারী অস্বাভাবিক’ বলে মনে করছেন সিনেপাড়ার মানুষজন।
মাস্টারমাইন্ডই অনুপস্থিত!
জানা গিয়েছে, একতারা মঞ্চে আয়োজিত ‘সিনে আড্ডা’ শীর্ষক সাতদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ‘মাস্টারমাইন্ড’ স্বয়ং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। প্রতিবার তিনি এই অনুষ্ঠানটি ঢেলে সাজান। কিন্তু এবার তিনি ও তাঁর সতীর্থরা অনুপস্থিত থাকায় উৎসবে ছন্দপতন ঘটেছে। উৎসব চত্বরে ফেডারেশনের স্টল থাকলেও সেটিও কার্যত জনশূন্য।
ফেডারেশনের যুগ্ম-সম্পাদক সুজিত হাজরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন,
“টেকনিশিয়ানদের মধ্যে একটা ক্ষোভ ও দুঃখ আছে, সেই জায়গা থেকেই আমাদের কমিটি সর্বসম্মতিক্রমে কিছু সিদ্ধান্ত নিয়েছে।”
তবে এর বেশি কোনো কথাই খোলসা করেননি তিনি।
‘মুখ্যমন্ত্রীর জন্যই চুপ আছি’
ফেডারেশনের কার্যকারী সভাপতি জয় চন্দ্র চন্দ্র পরিস্থিতি আরও স্পষ্ট করে দেন। তিনি সরাসরি জানান,
“উৎসবের কিছু ঘটনা আমাদের সকলের মনে ক্ষোভ তৈরি করেছে। মুখ্যমন্ত্রীর জন্যই আমরা পুরো বিষয়টি নিয়ে এখন চুপ আছি। উৎসবটা ভালোভাবে মিটুক, এটাই আমরা সবাই চাইছি। তার পর এই বিষয় নিয়ে আলোচনা হবে।”
তিনি স্পষ্ট করেছেন, এই প্রথমবার উৎসবের সঙ্গে কোনওভাবেই যুক্ত নেই ফেডারেশন। সংগঠনের সকলেরই তাতে মন খারাপ। উৎসব মিটে গেলে ক্ষোভের কারণ বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন জয় চন্দ্র চন্দ্র।
ঐক্য নাকি কোন্দল?
উল্লেখ্য, গত ১ অক্টোবর ফেডারেশন আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দেব, জিৎ, কোয়েল, আবির সহ ইন্ডাস্ট্রির তাবড় তারকারা এক ছাদের তলায় এসেছিলেন। সেই ঐক্যের ছবি শিল্পমহলে স্বস্তি এনেছিল। কিন্তু চলচ্চিত্র উৎসবের এই মঞ্চে ফেডারেশনের নজিরবিহীন অনুপস্থিতি ফের টলিউডে অভ্যন্তরীণ কোন্দল ও আশঙ্কার মেঘ তৈরি করল।