ফাঁদে শ্রীকান্ত! জয়দীপ-নিমরতের পাতা জালে কি ধরা দেবেন ‘The Family Man 3’-এর স্পাই?

দ্য ফ্যামিলি ম্যান ৩’ (The Family Man 3) – বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল ট্রেলার, যা দেখে চমকে উঠছেন সকলে! এবার ‘শ্রীকান্ত তিওয়ারি’ ওরফে মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) শুধু গোয়েন্দাই নন, তিনি এখন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’। ট্রেলারে স্পষ্ট যে, সন্দেহের তীর এবার তার দিকেই, এবং পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু হঠাৎ কেন গুপ্তচর শ্রীকান্ত ফেরার?

তৃতীয় সিজনের ট্রেলারে দেখা যাচ্ছে, অবশেষে শ্রীকান্ত তার পরিবারের কাছে নিজের আসল পরিচয়—যে তিনি একজন গুপ্তচর—তা ফাঁস করেন। এরপরই গল্পের মোড় ঘুরে যায়। শ্রীকান্তের বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা এবং মুহূর্তের মধ্যেই তিনি পুলিশের চোখে হয়ে ওঠেন প্রধান সন্দেহভাজন। এরপরই শুরু হয় পুলিশের তাড়া, এবং শ্রীকান্তকে তার পরিবার ও দেশের সুরক্ষার জন্য নিজের তৈরি গোয়েন্দা ইউনিটের হাত থেকেই পালিয়ে বেড়াতে হচ্ছে।

এই সিজনে নতুন শত্রুদের প্রবেশ ঘটেছে, যা গল্পের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। অভিনেতা জয়দীপ আহলাবত (Jaideep Ahlawat) ও অভিনেত্রী নিমরত কৌরকে (Nimrat Kaur) দেখা যাবে যারা শ্রীকান্তকে কঠিন ফাঁদে ফেলার জন্য প্রস্তুত। পুরনো চরিত্র শারিব হাশমি (Sharib Hashmi), প্রিয়ামনি (Priyamani), বেদান্ত সিনহা, গুল পানাগ এবং শ্রেয়া ধন্বন্তরী-ও ফিরছেন।

অ্যাকশন, কমেডি আর শ্বাসরুদ্ধকর দৃশ্যের মিশেলে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ হতে চলেছে আরও বড়, আরও রোমাঞ্চকর। শ্রীকান্তকে এবার মোকাবিলা করতে হবে সবচেয়ে বড় সমস্যার, যেখানে তার হাতে সময় সীমিত।

কবে মুক্তি? ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ আগামী ২১ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে (Prime Video) মুক্তি পাবে।