‘কারও পৌষ মাস তো কারও সর্বনাশ’! রাত ৮:৩০-এর প্রাইম স্লট হারাচ্ছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’?

টিআরপি চার্টে নিজেদের অবস্থান ধরে রাখতে বাংলা চ্যানেলগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দর্শকরাও চান নতুনত্বের মোড়, ফলে সম্প্রচারের সময় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। এর ফলস্বরূপ, নতুন মেগা আসার খবর মানেই পুরনো ধারাবাহিকের উপর ‘কোপ’ পড়া অনিবার্য।
স্টার জলসায় নতুন মেগা ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ আসার খবর চাউর হতেই জল্পনা শুরু হয়— কোন ধারাবাহিক এবার শেষ হবে? অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে উত্তর মিলল।
আগামী ১৭ নভেম্বর থেকে রাত ৮:৩০টার স্লটে আসছে স্বস্তিকা দত্ত ও অর্ণব বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। স্বাভাবিকভাবেই, এই স্লটটি এতদিন ধরে দখলে রেখেছিল রাজনন্দিনী পাল অভিনীত জনপ্রিয় মেগা ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’।
তবে, শুরু হওয়ার চার মাসের মধ্যে এই মেগাটি এখনই শেষ হচ্ছে না। টিআরপি চার্টে প্রতি সপ্তাহে ভালো স্কোর করা এবং মাঝে বেঙ্গল টপার হওয়া সত্ত্বেও, ১৭ নভেম্বর থেকে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-কে সরিয়ে দেওয়া হচ্ছে বিকেল ৫টার স্লটে।
প্রাইম টাইম স্লট খোয়ানোর পাশাপাশি এবার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-কে নতুন করে প্রতিযোগিতার মুখে পড়তে হবে। কারণ বিকেল ৫টার স্লটে প্রতিযোগী চ্যানেল জি বাংলায় সম্প্রচারিত হয় রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত বছরের পর বছর ধরে জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’।
বলাই বাহুল্য, এই সিদ্ধান্তের ফলে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-র জন্য বড় চ্যালেঞ্জ আসতে চলেছে। তবে একই সময়ে প্রতিযোগী জি বাংলায় সম্প্রচারিত হবে জনপ্রিয় মেগা ‘আমাদের দাদামণি’। টিআরপি-তে এই মেগাটিও ভালো স্কোর করে। ফলে দুই চ্যানেলের মধ্যে বিকেল ৫টার স্লটে জোরদার টক্কর দেখা যাবে।
প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ হয়ে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এইবার তিনি জুটি বাঁধবেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যিনি এর আগে ‘হর গৌরী পাইস হোটেল’-এ অভিনয় করেছিলেন। ‘আলতা ফড়িং’-এর ‘ব্যাঙ্ক বাবু’ অর্ণবকে এই নতুন মেগাতে দেখার জন্য দর্শকমহলে দারুণ উৎসাহ দেখা গিয়েছে। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই এই ধারাবাহিকটি আলোচনার কেন্দ্রে। এখন দেখার, নতুন স্লটে এসে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ কতটা দর্শক মনে জায়গা করে নিতে পারে।