মহিলা ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জয়! প্রধানমন্ত্রীর বাসভবনে বিশ্বজয়ী হরমনপ্রীতদের বিশেষ সম্মান, মুগ্ধ দল

মহিলা ওয়ান ডে বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দেখা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। গত ৫ নভেম্বর এই বিশেষ সাক্ষাৎপর্বে উপস্থিত ছিলেন দলের হেড কোচ অমল মজুমদার ও ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন গোটা দল। প্রধানমন্ত্রীর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।
এই সাক্ষাতের একটি ভিডিও ক্লিপ এখন ভাইরাল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দলের তারকা ওপেনার প্রতিকা রাওয়ালকে নিজে হাতে খাবার পরিবেশন করতে দেখা যাচ্ছে। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন প্রতিকা, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় তাঁর বিশ্বকাপ সেখানেই শেষ হয়ে যায়। তিনি সেমিফাইনাল ও ফাইনাল খেলতে পারেননি। মোদির বাসভবনে তিনি হুইলচেয়ারে এসেছিলেন, আর তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে প্রধানমন্ত্রী নিজেই এগিয়ে এসে তাঁকে খাবার দেন। চোটের কারণে শেষ ৩-৪টি ম্যাচ খেলতে না পারলেও, তার আগে সাত ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরান সহ ৩০৮ রান করে তিনি টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ স্কোরার ছিলেন।
মোমের মিউজিয়ামে বসছে হরমনপ্রীত কৌরের মূর্তি
অন্যদিকে, এই ঐতিহাসিক জয়ের আবহে আরও এক বড় সম্মান পেতে চলেছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। জয়পুরের আইকনিক নাহারগড় ফোর্টের মোমের মিউজিয়ামে বসতে চলেছে তাঁর মোমের মূর্তি। মিউজিয়ামের প্রতিষ্ঠাতা অনুপ নিশ্চিত করেছেন যে আগামী ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের দিনেই এই মূর্তিটি উন্মোচিত হবে। অনুপ জানান, এই সিদ্ধান্ত শুধু বিশ্বকাপ জয়ের জন্য নয়, বরং হরমনপ্রীতের দীর্ঘদিনের সাহস, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলার প্রতিচ্ছবি তুলে ধরবে। এই মিউজিয়ামে এর আগে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিংহ ধোনির মতো কিংবদন্তিদের মোমের মূর্তি রয়েছে।