জন্মদিনে ডায়মন্ড হারবারকে অভিষেকের বিশেষ উপহার! ফের চালু হচ্ছে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য পরিষেবা, কবে থেকে শুরু?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর জন্মদিনের সকালেই এলাকার মানুষের জন্য এক দারুণ খুশির খবর দিলেন। শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত অভিষেক ঘোষণা করলেন, তাঁর স্বপ্নের উদ্যোগ ‘সেবাশ্রয়’ কর্মসূচি ফের চালু হতে চলেছে।

সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “সবার জন্য সহজলভ্য ও উন্নত মানের স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘সেবাশ্রয়’-এর সূচনা হয়েছিল। মানবিকতার প্রতি সহানুভূতি ও সেবার দায়িত্ববোধ থেকে অনুপ্রাণিত হয়ে গত বছর এই উদ্যোগ শুরু হয়, যার মাধ্যমে কেবল ডায়মন্ড হারবার নয়, সারা বাংলার অসংখ্য মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।”

তিনি নিশ্চিত করেছেন যে, তাঁর দেওয়া প্রতিশ্রুতি আজ পূরণ হলো। ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবারের মানুষের জন্য ‘সেবাশ্রয়’ আবার তার দরজা খুলছে। এই পরিষেবা চলবে ২০২৬ সালের ২২ জানুয়ারি পর্যন্ত, যা ২৪ থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখের একটি মেগা ক্যাম্পের মাধ্যমে শেষ হবে। প্রতিটি ক্যাম্প সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। তাঁর কথায়, ‘সেবাশ্রয়’ আরও শক্তিশালী এবং বিস্তৃত পরিসরে ফিরে আসছে, যাতে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষজনের প্রতি তাঁর সেবা, সহানুভূতি ও যত্নের নীতি পূরণ হতে পারে।

এদিকে, দলীয় শুভেচ্ছাবার্তার ভিডিও রিটুইট করে অভিষেক লিখেছেন, “জন্মদিনে এমন একটি অসাধারণ সম্মান পেয়ে অত্যন্ত আনন্দিত, গভীরভাবে আপ্লুত ও বিনয়ী বোধ করছি।” শিল্পী ও নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই ধরনের মুহূর্তগুলি জনসেবার যাত্রাকে সংজ্ঞায়িত করে এবং বৃহত্তর কল্যাণের জন্য প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রেরণা যোগায়।