নাম-বিভ্রাটে চরম গাফিলতি! ভুল রক্ত দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ বর্ধমান মেডিক্যালে, চিকিৎসাব্যবস্থা নিয়ে বিরাট প্রশ্ন

নাম-বিভ্রাটের জেরে ভুল রক্ত দেওয়ার গুরুতর অভিযোগ উঠল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। একই ওয়ার্ডে ভর্তি থাকা একই নামের দুই রোগীর মধ্যে রক্ত অদলবদল হয়ে যাওয়ার ফলস্বরূপ নমিতা বাগদী (Namita Bagdi) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

জানা গিয়েছে, গত সপ্তাহে বর্ধমান মেডিক্যালের তিনতলায় ভর্তি ছিলেন রক্তাল্পতায় ভোগা নমিতা মাঝি (Namita Majhi) এবং সাপে কামড়ানো রোগী নমিতা বাগদী। মৃতার ছেলে রাহুল ও বাবা দুকড়ি বাগদীর অভিযোগ, গত শনিবার নমিতা মাঝির জন্য আনা রক্ত ভুল করে নমিতা বাগদীকে দেওয়া হয়। ভুল বুঝতে পেরে দ্রুত রক্ত দেওয়া বন্ধ করে দেওয়া হলেও, এর পরেই নমিতা বাগদীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

মৃতার ছেলে রাহুল বাগদী অভিযোগ করে বলেন, “ভুল রক্ত দেওয়ার পর থেকেই মায়ের হাত ফুলে যায়। আইসিইউ থেকে সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন, এবং আজকালের মধ্যেই ছুটি হওয়ার কথা ছিল। গতকালও ডায়ালিসিস ঠিকভাবে নিয়েছিলেন। কিন্তু রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় এবং আজ ভোরে ডাক্তার জানান মা মারা গেছেন।” দুকড়ি বাগদী হতাশা প্রকাশ করে বলেন, “সাপের কামড়ের চিকিৎসার পরে আমার মেয়ে ভালোই ছিল, কথা বলছিল। হাসপাতালের এই মারাত্মক গাফিলতির কারণেই তার প্রাণ গেল।”

মৃতার পরিবার এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। এই ঘটনায় রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এবং হাসপাতালের নিরাপত্তা প্রোটোকল নিয়ে নতুন করে বড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি হলো।