বিরিয়ানিতে পোকা! ৮ বছরের পুরোনো মামলায় IRCTC-কে ২৫ হাজার টাকা জরিমানা

আট বছরের পুরোনো এক বিরল মামলায় নয়াদিল্লির ডিস্ট্রিক্ট কনজ়িউমার কমিশন (ডিসিডিআরসি) ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন (আইআরসিটিসি)-কে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। পাশাপাশি, দূরপাল্লার ট্রেনে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের জন্য আইআরসিটিসি-কে কড়া সতর্কবার্তাও দিয়েছে কমিশন।
যে ঘটনার প্রেক্ষিতে এই রায়, তা ঘটেছিল ২০১৮ সালের ২৮ ডিসেম্বর। ওই দিন এক যাত্রী নয়াদিল্লি-রাঁচি পূর্বা এক্সপ্রেসে দিল্লি থেকে ঝাড়খণ্ডে যাচ্ছিলেন। তিনি আইআরসিটিসি-র কাছে ৮০ টাকা দিয়ে একটি ভেজ বিরিয়ানি অর্ডার করেন।
বিরিয়ানি কিছুটা খাওয়ার পরেই তিনি দেখেন, তাতে বেশ বড় একটি পোকা পড়ে রয়েছে। পোকা দেখে তিনি সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে শুরু করেন।
যাত্রী জানান, তিনি একা ভ্রমণ করছিলেন এবং অসুস্থ হওয়ার কারণে দ্রুত চিকিৎসা পেতে তাঁর দেরি হয়। এই পরিস্থিতির মধ্যেই তিনি ভারতীয় রেলের হেল্প-লাইন ১৩৯ নম্বরে ফোন করে বিরিয়ানিতে পোকা পাওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করেন।
তবে অভিযোগের ফল হয় উল্টো। যাত্রীর দাবি, আইআরসিটিসি-র তরফে খাবার জোগান দেওয়ার দায়িত্বে থাকা ঠিকাদারি সংস্থার লোকজন এসে তাঁকে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকেন।
চাপের মুখে নতিস্বীকার না করে ওই যাত্রী অবশেষে কাজে গাফিলতির অভিযোগ এনে আইআরসিটিসি-র বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণের মামলা করেন ডিসিডিআরসি-তে।
যাত্রী তাঁর অভিযোগের স্বপক্ষে রেলের কাছে দায়ের করা অভিযোগের নথি, ট্রেনের টিকিট, বিরিয়ানির পাত্রে থাকা পোকার ছবি ও ভিডিয়ো এবং চিকিৎসার নথি পেশ করেন।
মণিকা শ্রীবাস্তব ও কিরণ কৌশলের বেঞ্চ সব তথ্যপ্রমাণ খুঁটিয়ে দেখার পরে আইআরসিটিসি-র তরফে কর্তব্যে গাফিলতির বিষয়ে নিশ্চিত হয়। বেঞ্চ জানায়, আইআরসিটিসি দুঃখ প্রকাশ করলেও সেটা যথেষ্ট নয়। অপরিচ্ছন্ন খাবার পরিবেশন করে যাত্রীর শারীরিক ও মানসিক পীড়ার কারণ হওয়ায় তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কমিশন আরও জানায়, এই রায়টি শুধু আইআরসিটিসি-র জন্য নয়, যে কোনও জনসেবা প্রদানকারী সংস্থার কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবে। নিছক ক্ষমা চেয়ে দায়িত্ব এড়ানো যাবে না।