রাশিয়ায় দুধ কিনতে বেরিয়েছিলেন, আর ফেরেননি! উফার হস্টেল থেকে নিখোঁজ হওয়ার ১৯ দিন পর ছাত্রের মর্মান্তিক পরিণতি

প্রায় ১৯ দিন নিখোঁজ থাকার পর অবশেষে রাশিয়ার একটি বাঁধ থেকে উদ্ধার হল ২২ বছর বয়সী ভারতীয় ছাত্র অজিত সিং চৌধুরীর দেহ। রাজস্থানের আলওয়াড় জেলার লক্ষণগড়ের কাফানওয়াড়া গ্রামের বাসিন্দা অজিত ২০২৩ সালে রাশিয়ার উফা শহরের বাসকির স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে ভর্তি হয়েছিলেন।
জানা গিয়েছে, গত ১৯ অক্টোবর সকাল ১১টা নাগাদ হস্টেল থেকে দুধ কিনতে বেরিয়েছিলেন অজিত। এরপর তিনি আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয় প্রশাসনের তরফে তল্লাশি শুরু হয়। অবশেষে, হোয়াইট রিভারের পাশে থাকা একটি ড্যাম থেকে অজিতের দেহ উদ্ধার হয় বলে আলওয়াড় সরস ডেয়ারি চেয়ারম্যান নিতিন সঙ্গওয়ান নিশ্চিত করেছেন। এর কয়েক দিন আগেই বাঁধের ঠিক পাশ থেকে অজিতের পরনের পোশাক ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার হয়েছিল।
এই ঘটনায় রহস্যের কালো ছায়া দেখছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলওয়াড়ের নেতা জিতেন্দ্র সিং। তাঁর দাবি, ১৯ দিন আগেই নদীর ধার থেকে অজিতের জামাকাপড়, মোবাইল ফোন এবং জুতো উদ্ধার হওয়াটা স্বাভাবিক নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, এবং ওই ছাত্রের সাথে ‘কিছু একটা’ করা হয়েছিল। স্বপ্ন নিয়ে পরিবার তাঁকে রাশিয়ায় পড়তে পাঠিয়েছিল; অজিতের এই মর্মান্তিক পরিণতিতে তাঁর গ্রাম কাফানওয়াড়ায় শোকের পরিবেশ। যদিও ভারতীয় দূতাবাসের তরফে এখনও অজিতের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জারি করা হয়নি, তবে তাঁর পরিবারকে মৃত্যুর খবরটি জানানো হয়েছে। তদন্ত এখনও চলছে।