ঘন ঘন প্রস্রাবের সমস্যা? তালিকা থেকে কোন খাবার বাদ দিবেন জানুন

ঘন ঘন প্রস্রাবের সমস্যা, যা চিকিৎসকদের কাছে ‘ওভারঅ্যাকটিভ ব্লাডার’ নামে পরিচিত, তা অনেকেরই দৈনন্দিন জীবনের এক বড় অস্বস্তি। এর প্রধান কারণ হলো মূত্রাশয়ের পেশিগুলোর দুর্বলতা। যাদের মূত্রাশয়ের পেশি তুলনামূলক দুর্বল, তাদের ঘন ঘন প্রস্রাব পায়। ফলে বাড়ি থেকে বেরোনোর আগে বারবার শৌচালয়ে যাওয়া এবং বাইরে থাকার সময়ও তলপেটে চাপ অনুভব করার মতো সমস্যা দেখা দেয়।

এই সমস্যা দীর্ঘ দিন ধরে চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ‘ইউরোলজি স্পেশালিস্ট’-এর একটি প্রতিবেদন বলছে, কিছু নির্দিষ্ট খাবার বা পানীয় খাদ্যতালিকা থেকে বাদ দিলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

চলুন দেখে নেওয়া যাক, কোন খাবার ও পানীয়গুলি এই সমস্যা বাড়িয়ে তোলে:

সোডাযুক্ত পানীয় থেকে সাবধান!
যদি আপনার মূত্রাশয়ের পেশি দুর্বল হয়, তাহলে সোডাযুক্ত পানীয় পান করা একেবারেই উচিত নয়। ঠাণ্ডা পানীয় বা লেমনেডে থাকা দ্রবীভূত কার্বন-ডাই-অক্সাইড মূত্রাশয়ের উপর চাপ সৃষ্টি করে, যা ঘন ঘন প্রস্রাবের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়।

কফি কি আপনার সমস্যা বাড়াচ্ছে?
যাদের মূত্রাশয়ের পেশি দুর্বল, তাদের কফি জাতীয় পানীয় এড়িয়ে চলা উচিত। কারণ কফিতে থাকা ক্যাফেইন মূত্রাশয়ের পেশির উপর চাপ সৃষ্টি করে, যার ফলে এই সমস্যা আরও বাড়তে থাকে।

চিনি না কৃত্রিম চিনি – কোনটি বেশি ক্ষতিকর?
অনেকেই চিনির বদলে কৃত্রিম চিনি বা সুইটনার ব্যবহার করেন। কিন্তু গবেষণা বলছে, কৃত্রিম চিনিতে এমন কিছু উপাদান থাকে যা মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে মূত্রাশয়ের পেশিতে চাপ পড়ে। তাই এই জাতীয় উপাদান এড়িয়ে চললেই ভালো।

মদ্যপান কি আপনার জন্য ক্ষতিকর?
মদ জাতীয় পানীয় শরীরকে শুষ্ক করে তোলে। এগুলি শরীরে জমা জল বের করে দেয়, ফলে প্রচুর পরিমাণে মূত্র তৈরি হতে থাকে। যাদের ঘন ঘন প্রস্রাব পায়, তাদের মদ্যপান এড়িয়ে যাওয়াই ভালো।

অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন
অতিরিক্ত মশলা দেওয়া খাবারও ঘন ঘন প্রস্রাবের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই এই ধরনের খাবারও খাদ্যতালিকা থেকে এড়িয়ে যাওয়া উচিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy