৩০ লাখের চাকরি! বাজারে এমন মাইনে আর মিলবে না, তবুও ফিরতে ভয়? নেটদুনিয়ায় পরামর্শ চাইলেন ছাঁটাই হওয়া কর্মী

এক দিকে অসহনীয় ম্যানেজারের ষড়যন্ত্রে চাকরি খুইয়েছেন, অন্য দিকে সেই ম্যানেজারই এখন তাঁকে আবার চাকরিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছেন। এক ভারতীয় তথ্যপ্রযুক্তি (IT) কর্মীর এমনই এক অদ্ভুত অভিজ্ঞতাকে ঘিরে তোলপাড় নেটমাধ্যম।
রেডিট-এর ‘ইন্ডিয়ান ওয়ার্কপ্লেস’ নামক একটি প্ল্যাটফর্মে নিজের এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ওই ব্যক্তি। তাঁর পোস্টটির শিরোনাম ছিল: “উচ্চ বেতনের চাকরি থেকে ছাঁটাই হয়েছি। এখন ওঁরা আমাকে ফিরে যেতে বলছেন।”
৩১ বছর বয়সি ওই তথ্যপ্রযুক্তি পরামর্শদাতা জানিয়েছেন, এক দশকের চেষ্টার পর তিনি একটি সুবিধাজনক পদে কাজ করছিলেন, যেখানে তাঁর বার্ষিক বেতন ছিল ৩০ লক্ষ টাকা এবং সঙ্গে ছিল আকর্ষণীয় স্টক ইউনিটের (RSU) সুবিধা।
১৫০ শতাংশ বেতন বৃদ্ধি! পরিস্থিতি খারাপ হলো যখন…
২০২৪ সালের শুরুতে একটি বিদেশি সংস্থা একক চুক্তিভিত্তিক কর্মী হিসাবে তাঁকে বর্তমান বেতনের ওপর ১৫০ শতাংশ বৃদ্ধির বিশাল প্রস্তাব দেয়। সঙ্গে ছিল বাড়ি থেকে কাজ করার সুবিধা এবং একেবারে গোড়া থেকে একটি নতুন প্রকল্প তৈরির সুযোগ।
শুরুতে সব ঠিকঠাকই চলছিল। কঠোর পরিশ্রম করে ম্যানেজার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাচ্ছিলেন তিনি। কিন্তু সমস্যা শুরু হয়, যখন ১০ শতাংশ বেতন বৃদ্ধির সঙ্গে তাঁর চুক্তি পুনর্নবীকরণ হয়।
তাঁর ভারতীয় ম্যানেজার এরপরই অতিরিক্ত নজরদারি শুরু করেন, ছোটখাটো ভুলের জন্য সমালোচনা করতে থাকেন এবং ওভারটাইমের টাকা দিতে অস্বীকার করেন। ওই কর্মীর অভিযোগ, তাঁর বস নিজের পছন্দের এক ব্যক্তিকে সেই পদে নিয়োগ করার জন্য অনৈতিকভাবে চাপও দিচ্ছিলেন।
গালমন্দ, ছুটির আবেদন খারিজ এবং ছাঁটাই!
ম্যানেজারের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর আচরণ আরও খারাপ হতে থাকে। তাঁকে মুখে গালমন্দ করা এবং ছুটির আবেদন খারিজ করার মতো ঘটনাও ঘটে। অবশেষে আগস্ট মাসে ‘কাজে অদক্ষতা’র কারণ দেখিয়ে একটি ইমেল মারফত তাঁকে ছাঁটাই করা হয়। যদিও তিনি পেশাদারিত্বের সঙ্গে নোটিস পিরিয়ড শেষ করেন এবং অন্য দলগুলির কাছে প্রশংসাও পান।
নাটকীয় মোড়: HR-এর ফোন!
আচমকা চাকরি খোয়ানোর দু’মাস পর, নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। ওই সংস্থার মানবসম্পদ বিভাগের (HR) কাছ থেকে একটি ফোন পেয়ে ওই কর্মী অবাক হন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি পুনরায় সংস্থায় যোগ দিতে ইচ্ছুক কি না!
পরে তিনি জানতে পারেন, ম্যানেজারের পছন্দের প্রার্থী ইন্টারভিউ প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছিলেন।
এখন ওই কর্মী গভীর দ্বিধায় ভুগছেন। তিনি লিখেছেন, “আমি এখন বিভ্রান্ত। আমি কি এই ভেবে ফিরে যাব যে পরিস্থিতি হয়তো ভালো হবে এবং মোটা মাইনে পাব, নাকি নিজের অবস্থানে স্থির থেকে অন্য কোথাও চেষ্টা করব?” তাঁর আশঙ্কা, বর্তমান বাজার পরিস্থিতিতে এত বেতনের চাকরি তিনি অদূর ভবিষ্যতে আর কোথাও পাবেন না। তিনি মনে করছেন, এই আর্থিক লোকসান চূড়ান্তভাবে তাঁরই হবে এবং ম্যানেজার হয়তো সামান্য তিরস্কার পেয়েই পার পেয়ে যাবেন।
প্রশ্ন: এমন পরিস্থিতিতে আপনার কী করা উচিত?
উচ্চ বেতন এবং পুরনো তিক্ত অভিজ্ঞতার মধ্যে কোন পথ বেছে নেওয়া উচিত—এই নিয়েই এখন নেটমাধ্যমে পরামর্শ চাইছেন ওই IT কর্মী।