যদি কেউ খুন করে থাকে?’ প্রিয়জনকে বাঁচাতে কতদূর যাবেন? টুইঙ্কল খান্নার প্রশ্নে চমকে দেওয়া উত্তর দিলেন সলমন খান!

অভিনেতা সলমন খান তাঁর ব্যক্তিগত জীবনের একাধিক বিতর্কিত দিক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন। কাজলের সঙ্গে টুইঙ্কল খান্না-র শো ‘টু মাচ’-এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সলমন ও আমির খান। সেখানেই সলমন খান স্পষ্ট জানিয়ে দেন, প্রিয়জনকে রক্ষা করার জন্য তিনি ‘১০০০% মিথ্যা’ বলতে পারেন।
‘১০০০% আমি মিথ্যা বলব’
অনুষ্ঠানে টুইঙ্কল খান্না সলমনকে সরাসরি প্রশ্ন করেন, “ভালবাসার মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা বলা কি ঠিক?” প্রথমে সলমন কিছুটা দ্বিধায় ছিলেন। তিনি বলেন, মিথ্যার ধরনের ওপর নির্ভর করে। তবে যদি কেউ মারাত্মক ভুল করে থাকে, সেক্ষেত্রে মিথ্যা বলা ভুল। তিনি তখন উদাহরণ দিয়ে বলেন, “যদি কেউ খুন করে থাকে, তাহলেও কি মিথ্যা বলবেন?”
তবে কিছুক্ষণ বিতর্কের পর সলমন হঠাৎ তাঁর অবস্থান পরিবর্তন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানান। তিনি ঘোষণা করেন: “১০০০% আমি মিথ্যা বলব, আমার ভালবাসার মানুষকে রক্ষা করার জন্য, যাই ঘটুক না কেন।”
সলমনের এই উত্তরে চমকে যান টুইঙ্কল, যিনি ব্যঙ্গ করে বলেন, “ওহ মাই গড, আপনি এতক্ষণ নাটক করছিলেন, আর আমরা সেটা বিশ্বাসও করে ফেলেছিলাম!”
প্রেমিকা চলে গেলে কেন কাঁদতে নেই?
প্রেমিকা চলে গেলে কেন কাঁদতে নেই—এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সলমন আরও একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “ভাই-বোন, মা-বাবা বা পরিবারের জন্য কান্না করা ঠিক আছে। কিন্তু প্রেমিকা চলে গেছে বলে কেঁদে কূল না পাওয়াটা একটু বাড়াবাড়ি।” এই আলোচনাতেই তিনি ফের নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করেন।
‘মানুষ যাতে ভয় পায়, সেই ভাবমূর্তি তৈরি করেছি’
এছাড়াও সলমন স্বীকার করেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে এমন একটি ভাবমূর্তি তৈরি করেছেন, যাতে মানুষ তাঁকে ভয় পায়। টুইঙ্কল মন্তব্য করেন, “সবাই সলমনকে ভয় পায়।” জবাবে সলমন বলেন, তিনি ছোটবেলা থেকেই একটি বিশেষ ধরনের ‘অ্যাটিটিউড’ নিয়ে চলতেন, যাতে কেউ তাঁর সঙ্গে বেশি বাড়াবাড়ি না করে। তবে তিনি মনে করেন, এই ‘অ্যাটিটিউড’-এর জন্য তাঁকে অনেক মূল্যও দিতে হয়।
বর্তমানে সলমন খান তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনেরও কাজ করছেন।