৪০ জন বিরিয়ানি খেলেন, অসুস্থ মাত্র ২ জন! ‘পরিকল্পিত খুন’, দাবি তুলে কঠোর শাস্তির দাবি জানাল মৃতের পরিবার

পুজোর ছুটির আগে পূর্ব বর্ধমানের কালনায় পূর্বস্থলী এক নম্বর বিএলআরও (BLRO) অফিসে আয়োজিত এক পিকনিকে চরম বিপত্তি। বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে সুমন্ত মল্লিক নামে এক মুহুরির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এক রেভিনিউ অফিসারও।

বিষক্রিয়া ও খুনের অভিযোগ
বৃহস্পতিবার ওই অফিসে স্টাফ ও মুহুরিদের নিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিরিয়ানি খাওয়ার পরই মুহুরি সুমন্ত মল্লিক এবং রেভিনিউ অফিসার কুন্তল মাঝি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় দু’জনকেই কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সুমন্ত মল্লিককে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অসুস্থ কুন্তল মাঝিকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

মৃতের পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় পরিকল্পিত খুনের অভিযোগ তোলা হয়েছে। সুমন্ত মল্লিকের দাদা শুভেন্দু মল্লিক দাবি করেন,

“আমার ভাই একদম সুস্থ ছিল। ভাই মাটন বিরিয়ানি খায় না, তাই ওর জন্য চিকেন বিরিয়ানি আনা হয়েছিল। বিরিয়ানি খাওয়ার পরই মুখ দিয়ে গ্যাঁজলা বেরতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে ওর মৃত্যু হয়। এটা পরিকল্পনা করে খুন। না হলে মোট ৪০ জন বিরিয়ানি খেয়েছিলেন, সবাই অসুস্থ হতেন।”

পুলিশের তদন্ত শুরু
পরিবারের অভিযোগ, সুমন্তর খাবারে বিষ মেশানো হয়েছিল। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। ঘটনাটি ইতিমধ্যেই খতিয়ে দেখছে নাদনঘাট থানার পুলিশ। বিরিয়ানির নমুনা সংগ্রহ করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।