চাকরি গেল, মিলল না ক্ষতিপূরণ! এবার এইচআর-এর মারধরের অভিযোগ প্রাক্তন কর্মীর

নয়ডায় এক বহুজাতিক সংস্থার প্রাক্তন কর্মীর ভয়াবহ অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। চাকরি থেকে হঠাৎ বরখাস্ত হওয়ার পর ক্ষতিপূরণ চাইতে গেলে তাকে সংস্থার হিউম্যান রিসোর্স (HR) বিভাগের কর্মীদের হাতে শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই কর্মী। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
রেডিটে ভাইরাল পোস্ট
ভুক্তভোগী এই কর্মী রেডিটের ‘r/IndianWorkplace’ সাবরেডিটে তার অভিজ্ঞতা বর্ণনা করে একটি পোস্ট লেখেন। পোস্টের শিরোনাম ছিল, “টিসিএস আমাকে চাকরিচ্যুত করেছে, তারপর এর কারণ জিজ্ঞাসা করলে এইচআর আমাকে মারধর করেছে – এখন আমার কী করা উচিত?” এই পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং কর্মক্ষেত্রে কর্মীদের অধিকার নিয়ে তীব্র বিতর্কের জন্ম দেয়।
কী ঘটেছিল সেদিন?
পোস্টে ওই কর্মী লিখেছেন, ১৯শে অক্টোবর তাকে কোনো কারণ না দেখিয়েই চাকরি থেকে বরখাস্ত করা হয়। কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি। তিনি কারণ এবং ক্ষতিপূরণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে এইচআর-এর কর্মীরা কোনো সদুত্তর দেননি। তিনি বলেন, “সকাল ১০:৩০ নাগাদ আমার অফিস অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়। এরপর বিকেল ৪:৩০ নাগাদ আমি এইচআর-এর সঙ্গে দেখা করতে যাই। সেখানে আমাকে বলা হয়, ‘টার্মিনেট হয়ে গিয়েছ, যেখানে খুশি যাও, যা খুশি করো’।”
এরপর তিনি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং গোপনে মোবাইলে কথোপকথন রেকর্ড করা শুরু করেন। তখনই এইচআর-এর এক কর্মী চিৎকার করে তার ফোন কেড়ে নিতে বলেন। এরপরই শুরু হয় শারীরিক আক্রমণ। “আমার ডান হাত মোচড়ে ধরা হয়। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, আর চরম অপমানিত লাগছিল,” দাবি ওই প্রাক্তন কর্মীর।
পুলিশি পদক্ষেপ ও আইনি লড়াই
ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয় এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়। তিনি তার ভিডিও প্রমাণও পুলিশের কাছে জমা দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে এইচআর টিমকে থানায় ডাকা হলেও তারা আসেননি। ওই প্রাক্তন কর্মী এখন উচ্চপর্যায়ে, সম্ভবত ডিসিপি স্তরে, বিষয়টি নিয়ে যেতে চাইছেন। তিনি বলেন, “পুলিশ পর্যন্ত এইচআর-কে থানায় আসতে বলেছিল। কিন্তু ওরা এল না। এখন আমি কী করব বুঝতে পারছি না- না কোনো সেভারেন্স পেলাম, না লিখিত জবাব, উপরন্তু এই শারীরিক নিগ্রহ।”
এই ঘটনা কর্মক্ষেত্রে নৈতিকতা এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।