বাজারে জিএসটি ২.০-এর প্রভাব এখনই নেই! নতুন দাম কার্যকর হতে কেন দেরি হচ্ছে? হতাশ ক্রেতারা

আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে নতুন জিএসটি (GST 2.0) কাঠামো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী, এর ফলে দুধ, পনির, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং জীবনদায়ী ওষুধের দাম কমার কথা। তবে সোমবার সকালে বাজারে গিয়ে ক্রেতারা হতাশ হয়েছেন, কারণ বেশিরভাগ দোকানে এখনও পুরনো দামেই পণ্য বিক্রি হচ্ছে।

উত্তর কলকাতার এক ক্রেতা জানিয়েছেন, তিনি পুরনো দামেই জিনিস কিনেছেন, কারণ বিক্রেতারা বলছেন তাদের কাছে এখনও পুরনো স্টক মজুত আছে। একই অভিজ্ঞতা আরেক ক্রেতারও। তিনি জানান, বেশি দামে চিনি কিনেছেন, কারণ বিক্রেতা তাঁকে বলেছেন যে পশ্চিমবঙ্গে এখনও নতুন জিএসটি কার্যকর হয়নি।

অন্যদিকে, বিক্রেতারা বলছেন, তারা এখনও নতুন জিএসটি কাঠামোর পণ্য পাননি। এক দুধ বিক্রেতা জানান, “সকালে পুরনো লটই বিক্রি করেছি। ডিলারকে ফোন করেছিলাম, তিনি জানিয়েছেন বিকেল থেকেই নতুন জিএসটি কাঠামোর সামগ্রী এসে যাবে।”

খাদ্যপণ্যের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হলেও, জীবনদায়ী ওষুধের বাজারে নতুন জিএসটি-র প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। কেন্দ্রীয় সরকার ৩৩টি ওষুধের দাম কমিয়েছে। কলকাতার এক নামী ওষুধের দোকানের মালিক জানিয়েছেন, “রক্তচাপ কমানোর ওষুধ টেলমার্কের দাম ছিল ২২৭ টাকা। এখন তা হয়েছে ২১২ টাকা।” তিনি আরও বলেন, নতুন প্রিন্টের ওষুধ এখনও না আসলেও তারা নতুন জিএসটি কাঠামো অনুযায়ীই বিক্রি করছেন, যার ফলে রোগীরা উপকৃত হচ্ছেন।

সাধারণ মানুষের ধারণা, বাজারে মজুত থাকা পুরনো স্টক শেষ হতে কিছুটা সময় লাগবে, তাই নতুন দাম কার্যকর হতেও কিছুটা দেরি হতে পারে। তবে খুব দ্রুতই নতুন জিএসটি-র সুফল বাজারে দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।