নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাতীয় সড়কে টোটো, ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে! আহত ৭

বর্ধমানের রথতলার কাছে ১৯ নং জাতীয় সড়কে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। একটি টোটোর পেছনে একটি ছোটো হাতি গাড়ি ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ধাক্কার ফলে টোটোটি দুমড়ে মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের দিক থেকে কলকাতা অভিমুখে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, তবে বাকি দুজনের অবস্থা গুরুতর। আহত সবাই আউসগ্রাম থানা এলাকার বাসিন্দা এবং তাঁরা একটি রাইসমিলের কাজে যাচ্ছিলেন।

জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও চলছে রমরমিয়ে
এই ধরনের দুর্ঘটনা জাতীয় সড়কে নতুন নয়। পুলিশ-প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক টোটোচালক নিয়ম উপেক্ষা করে জাতীয় সড়কে টোটো চালান। আর এর ফলস্বরূপ এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে। এই ঘটনা আবারও জাতীয় সড়কে টোটোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।